প্রিয়াঙ্কার 'বেওয়াচ'-এর ভাগ্যে পচা টমেটো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক ছবিতে অভিনয় করলেন। তাঁর হলিউড অভিষেক নিয়ে ভারতজুড়ে কত হইহই রইরই। সেই উচ্ছ্বাসের কিছুটা যেন বাংলাদেশের ওপরও ভর করেছিল। কারণ, এই দেশেও যে প্রিয়াঙ্কার অসংখ্য ভক্তের বাস। কিন্তু প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’-এর ঢাকঢোল যতটা পেটানো হয়েছে, তার ছিটেফোটাও এই ছবির প্রাপ্য কি না, তাই নিয়েই এখন কথা বলছেন পশ্চিমা কয়েকজন চলচ্চিত্র সমালোচক। মাঝখান দিয়ে লাভের লাভ যা হয়েছে এই ছবিতে অভিনয় করার সুবাদে পশ্চিমের জনপ্রিয় অনেক টিভি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা। বিশ্বের জনপ্রিয় কিছু সাময়িকীতে প্রচ্ছদ মুখ হয়ে পরিচিত হয়ে উঠেছেন পশ্চিমা চলচ্চিত্র শিল্পে।

মিয়ামিতে ‘বেওয়াচ মুক্তি পেয়েছে ১৩ মে। আজ এটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্রে। আর ভারতের এই ছবি দর্শকেরা বড় পর্দায় দেখতে পাবেন ২ জুন। তবে ছবি মুক্তির আগেই একটি বিশেষ প্রদর্শনীতে কয়েকজন সমালোচকের সুযোগ হয়েছিল ছবিটি দেখার। তাঁদের প্রায় সবাই ছবির দুর্বল চিত্রনাট্য ও শিল্পীদের কাঁচা অভিনয় দেখে হতাশ। আইএমডিবিতে ছবির রেটিং এখন পর্যন্ত উঠেছে ১০-এর মধ্যে ৫ দশমিক ৫। সিনেমা রেটিং সাইট ‘রটেন টমেটো’-তে ‘বেওয়াচ’-এর কপালে জুটেছে ৫৩টি ‘পচা টমেটো’ আর মোটামুটি ভালো দেখিয়েছেন মাত্র ১২ জন।
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার সাংবাদিক স্টিভ রোজের মনে হয়েছে, এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে এই বলেই চুক্তি করা হয়েছিল যে যতটা পারা যায় তাঁকে শরীর দেখাতে হবে। অনেকে আবার বলছেন, এই ছবির খল চরিত্রে প্রিয়াঙ্কার ভূমিকা শরীর দেখানোর বাইরে আর কিছুই নয়।
ডোয়াইন জনসন ও জন এফ্রোন অভিনীত এই ছবিতে নারীদের যেভাবে চিত্রায়িত করা হয়েছে, সে বিষয়েও আপত্তি জানিয়েছেন কেউ কেউ। নিজের দেশে মুক্তির আগেই ছবির এমন বাজে রিভিউ নিশ্চয়ই প্রিয়াঙ্কার মনোবল ভীষণভাবে ভেঙে দিয়েছে।
দেখা যাক, শেথ গর্ডনের ৬৯ মিলিয়ন ডলারের এই ছবি ভারতের দর্শকদের কতটা সন্তুষ্ট করতে পারে। ইন্ডিয়া টুডে।