প্রেম করছেন ক্রিস্টেন-নিকোলাস হল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস হল্ট-ক্রিস্টেন স্টুয়ার্ট
নিকোলাস হল্ট-ক্রিস্টেন স্টুয়ার্ট

নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ার জড়িয়ে প্রেমিক রবার্ট প্যাটিনসনকে হারিয়েছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এত দিন একাই ছিলেন ২৪ বছর বয়সী ক্রিস্টেন। তবে সম্প্রতি ইকুয়ালস ছবির সহ-অভিনেতা সমবয়সী নিকোলাস হল্টের সঙ্গে ক্রিস্টেনের প্রেমের খবর চাউর হয়েছে। হলিউডে জোর গুঞ্জন, সখ্য বাড়ছে এ তারকা জুটির।

মুক্তি প্রতীক্ষিত সায়েন্স ফিকশন-রোমান্টিক ঘরানার ইকুয়ালস ছবিতে একসঙ্গে অভিনয় করছেন ক্রিস্টেন ও নিকোলাস। ছবির সেটে তাঁদের অন্তরঙ্গ মেলামেশার পরিপ্রেক্ষিতে এই জুটির প্রেমের খবর ডালপালা মেলেছে।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হলিউডলাইফ ডটকম জানিয়েছে, ছবির সেটে একে অন্যের সঙ্গে আঠার মতো লেগে থাকছেন ক্রিস্টেন ও নিকোলাস। শুধু তাই নয়, শুটিংয়ের ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এ ছাড়া সুযোগ পেলেই তাঁরা একসঙ্গে পুল খেলছেন, আনন্দ-ফুর্তিতে মেতে উঠছেন। তাঁদের মধ্যে দারুণ সখ্য গড়ে উঠেছে। তাঁদের সখ্য প্রেমের সম্পর্কে রূপ নিলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

সূত্রটি আরও জানিয়েছে, কোথাও বেশিদিন থাকলে সাধারণত ভালো কোনো বন্ধু জুটিয়ে নেন ক্রিস্টেন। তবে নিকোলাসের কথা আলাদা। ক্রিস্টেনের হাবভাব দেখে মনে হচ্ছে, নিকোলাসের মধ্যে স্রেফ বন্ধুত্ব নয়, আরও কিছু খুঁজছেন তিনি।