প্রেম করছেন শ্যারন-ডেভিড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যারন স্টোন-ডেভিড ডেলুইস
শ্যারন স্টোন-ডেভিড ডেলুইস

প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে ‘বেসিক ইন্সটিঙ্কট’ তারকা শ্যারন স্টোন ও মার্কিন অভিনেতা-নির্মাতা ডেভিড ডেলুইসকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের হুগোস রেস্তোরাঁর সামনে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছে এ জুটি। মূলত এর পর থেকেই স্টোন ও ডেলুইসের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়েছে।
প্রথমবারের মতো জনসমক্ষে এলেও একে অন্যের প্রতি দুর্বলতা প্রকাশ করতে কোনো রকম লুকোচুরির আশ্রয় নেননি ৫৬ বছর বয়সী স্টোন ও ৪৩ বছর বয়সী ডেলুইস। রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁদের। সে সময় গল্প-গুজব ও হাসি-ঠাট্টায় মেতে ছিলেন তাঁরা। বিদায় নেওয়ার সময় আলিঙ্গন করতে দেখা যায় তাঁদের। শুধু তা-ই নয়, একে অন্যের ঠোঁটে চুমুও খান তাঁরা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিপল ডটকম।
স্টোন ও ডেলুইসের পরিচয় কবে হয়েছে কিংবা তাঁরা কত দিন ধরে একসঙ্গে আছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এ বিষয়ে স্টোন ও ডেলুইসের মুখপাত্রদের কাছে জানতে চাইলে কোনো রকম মন্তব্য করতে রাজি হননি তাঁরা।
১৯৮৪ সালে টিভি প্রযোজক মাইকেল গ্রিনবার্গকে বিয়ে করেছিলেন শ্যারন স্টোন। তিন বছর একসঙ্গে ছিলেন তাঁরা। তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয় ১৯৯০ সালে। ১৯৯৩ সালে স্ত্রীকে ছেড়ে দিয়ে স্টোনের সঙ্গে বাগদান সারেন স্টোন অভিনীত ‘সিলভার’ ছবির সহ-প্রযোজক উইলিয়াম জে ম্যাকডোনাল্ড। কিন্তু এক বছরের মাথায় তাঁদের বাগদান ভেঙে যায়। পরের বছর ‘দ্য কুইক অ্যান্ড দ্য ডেড’ ছবিতে অভিনয় করতে গিয়ে এর সহকারী পরিচালক বব ওয়াগনারের সঙ্গে স্টোনের পরিচয় হয়। তাঁদের বাগদানও সম্পন্ন হয়। কিন্তু পরে বাগদানের আংটি ফিরিয়ে দেন স্টোন। ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকো ক্রনিকল পত্রিকার নির্বাহী সম্পাদক ফিল ব্রোনস্টেইনকে বিয়ে করেন শ্যারন স্টোন। কিন্তু ২০০৩ সালে স্টোনের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন ব্রোনস্টেইন। পরের বছর তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। স্টোনের তিন পালক সন্তান রোয়ান, লেয়ার্ড ও কুয়েনের বয়স যথাক্রমে ১৪, ৯ ও ৮ বছর। 

অন্যদিকে অভিনেতা ও কৌতুকশিল্পী ডম ডেলুইসের ছোট ছেলে ডেভিড ডেলুইস বিয়ে করেছিলেন ১৯৯৪ সালে। ২০০৩ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। তাঁর দুটি মেয়ে আছে।