প্রেমিককে নিয়ে সবার সামনে

ব্যক্তিগত জীবন নিয়ে খুল্লামখুল্লার অভ্যাসটা একটু কম ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটনের। তাই তো ১৪ বছরের দীর্ঘ প্রেমের পর এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রেমিক স্যান্ড্রো কপকে নিয়ে টিলডা জনসমক্ষে এলেন। এ সপ্তাহের শুরুতেই অস্ট্রিয়ার ভিয়েনায় একটি শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল দুজনকে।
ব্রিটিশ এই অভিনেত্রী সেই শিল্পকর্ম প্রদর্শনীতে পরে এসেছিলেন ক্রিম ও পার্পল রঙের পোশাক। হাতে পরা ছিল সবুজ মোজা। কপের পরনে ছিল পার্পল রঙের স্যুট। দুজনেই একই রঙের পোশাক পরে এসেছিলেন। এর আগে যে কখনোই তাঁদের একসঙ্গে দেখা যায়নি, এমনটি নয়। তবে তা ছিল পাপারাজ্জিদের ক্যামেরায় লুকিয়ে তোলা ছবিতে। তবে এবার আনুষ্ঠানিকভাবে তাঁদের দেখা গেল।
১৯৮৯ সালে জন বায়রনের সঙ্গে ঘর বাঁধেন টিলডা। তাঁদের ঘরে আছে দুই সন্তান। টিলডাকে দেখা যেতে পারে ইদরিস এলবার সঙ্গে একটি প্রেমের ছবিতে। ছবিটি পরিচালনা করবেন জর্জ মিলার। এ ছাড়া গতকাল থেকে বাংলা একাডেমিতে শুরু হয়েছে লিট ফেস্ট। এতে এবারও অংশ নিচ্ছেন টিলডা সুইনটন। আজ বেলা দুইটায় বাংলা একাডেমিতে আছে হলিউডের এই অভিনেত্রীর একটি পাঠপর্ব। আর আগামীকাল বেলা ৩টা ১৫ মিনিটে টিলডা অংশ নিচ্ছেন একটি আলোচনা পর্বে। গত বছরও এ উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন টিলডা। এবারের সফরে টিলডা বাংলাদেশে হলিউডের একটি ছবির শুটিংও করবেন। ডেইলি মেইল।