প্রেমিকাকে নিয়ে জনসমক্ষে 'ক্যাপ্টেন আমেরিকা'

অনেক সফল হলিউড ছবির অভিনেতা তিনি। তবে অতিমানব ‘ক্যাপ্টেন আমেরিকা’র চরিত্রটি তাঁকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। তাই এখন ক্রিস ইভানসের কোটি ভক্ত তাঁকে অনুসরণ করেন পদে পদে। এই যেমন কয়েক মাস ধরে ক্রিস ইভানসের প্রেমিকা নিয়ে ভক্তদের মধ্যে একধরনের চাপা কৌতূহল কাজ করছিল। অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটল। অভিনেতা ক্রিস ইভানস তাঁর প্রেমিকা জেনি স্লেটকে নিয়ে এলেন জনসমক্ষে।
গত মে মাস থেকে জেনির সঙ্গে অনেক বেশি সময় কাটাতে দেখা গেছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ক্রিস ইভানসকে। কিন্তু তাঁরা কিছুতেই তাঁদের সম্পর্কের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কখনো তাঁদের আশপাশে পাপারাজ্জির উপস্থিতি টের পেলেই একে অপরের হাত ছেড়ে দিয়ে দূরে দূরে হাঁটতেন। তবে গত শনিবার ঘটল অন্য রকম কিছু। সেদিন জেনি অভিনীত ছবি ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’-এর উদ্বোধনী প্রদর্শনীতে তাঁকে সঙ্গ দিতে অনুষ্ঠানস্থলে হাজির হন ক্রিস ইভানস। ভক্ত, নিন্দুক, পাপারাজ্জি কিংবা সাংবাদিকদের পরোয়া না করে পুরো অনুষ্ঠানে তাঁরা একে অপরের পাশে ছিলেন। গত বছরের অক্টোবরে ‘গিফটেড’ ছবির শুটিংয়ে প্রথম পরিচয় হয় জেনি ও ক্রিসের। সে সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা ধরে পড়ে পাপারাজ্জিদের চোখে।
-পপসুগার