প্রয়াত মা-মেয়েকে নিয়ে 'ব্রাইট লাইটস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ডেবি রেইনল্ড ও মেয়ে ক্যারি ফিশার
মা ডেবি রেইনল্ড ও মেয়ে ক্যারি ফিশার

মেয়ে ক্যারি ফিশার মারা গেলেন। ঠিক এক দিন পরই মারা গেলেন মা ডেবি রেইনল্ড। দুজনই ছিলেন রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের সম্পর্কটাও ছিল বৈচিত্র্যে ভরা। দুজনের সেই সম্পর্ক নিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল এইচবিও তৈরি করেছে প্রামাণ্যচিত্র ব্রাইট লাইটস। ৭ জানুয়ারি মুক্তি পাবে প্রামাণচিত্রটি।

অ্যালাক্স ব্লুম ও ফিশার স্টিভেনসের ৯৫ মিনিটের প্রামাণ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী হয়েছিল গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে। তখন মা-মেয়ে দুজনই বেঁচে ছিলেন।ছবিতে দেখা যায় মা ও মেয়ের চমৎকার সম্পর্ক। এইচবিও ডকুমেন্টারি ফিল্মের প্রেসিডেন্ট শিলা নেভিনস ভ্যারাইটি ম্যাগাজিনকে বলেন, ‘এটা একটা ভালোবাসার গল্প।

ছোট্ট ক্যারিকে কোলে ডেবির ছবি
ছোট্ট ক্যারিকে কোলে ডেবির ছবি

ডেবির জন্য মেয়ে ক্যারি “ব্রাইট লাইটস” তৈরি করতে চেয়েছিলেন। আর ডেবিও চাইছিলেন ক্যারির জন্য এমন কিছু করতে।’ নেভিনস আরও বলেন, মা-মেয়ের মধ্যকার সম্পর্কটি ছিল অসম্ভব মজুবত।
ফিশার এর আগে তাঁর মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি বই লিখেছিলেন।পরে সেই বইয়ের ওপর ভিত্তি করে পোস্টকার্ড নামে একটি সিনেমাও হয়।সেখানে অভিনয় করেন মেরিল স্ট্রপ ও শার্লি ম্যাকলাইন।
ক্যারি ফিশারের জন্ম ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, ১৯৫৬ সালে। অভিনয়জীবনে ফিশার ‘স্টার ওয়ারস’ সিরিজের সিনেমাগুলো দিয়ে জনপ্রিয় হন।গত বছরের ২৭ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মা মেরি ফ্রান্সেস রেইনল্ডের জন্ম হয়েছিল ১৯৩২ সালের পয়লা এপ্রিল। ১৬ বছর বয়সে ‘মিস বারব্যাংক সুন্দরী’ প্রতিযোগিতায় তাঁকে দেখে ওয়ার্নার ব্রাদার্স প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তারা তাঁর প্রতি আগ্রহী হন। এরপর শুরু হয় তাঁর অভিনয়জীবন।১৯৫২ সালে সিংগিন ইন দ্য রেইন ছবি দিয়ে ডেবি তারকা বনে যান। মেয়ে ক্যারি ফিশারের মারা যাওয়ার পরের দিন ২৮ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। ডেইলি মেইল।