ফিরছেন জন স্নো, কিন্তু...

তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ ফিরছে আবার। এ বছরের এপ্রিলের ২৪ তারিখে এইচবিও চ্যানেলে মুক্তি পাবে এ সিরিজের ৬ নম্বর মৌসুম (সিজন)। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির ১ মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ট্রেলার। তা দেখেই বোঝা যাচ্ছে, আগের চেয়েও আরও বেশি রক্তপাত, আরও বেশি সংঘর্ষ থাকছে নতুন সিরিজে।
গত সিজনের শেষে বিশ্বব্যাপী কোটি ভক্তকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিয়েছিলেন এ সিরিজের জনপ্রিয় চরিত্র ‘জন স্নো’ কিট হ্যারিংটন। তাঁকে মেরে ফেলেছিল তাঁরই সঙ্গের নৈশ প্রহরীরা। এমন মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। অনেকের মনেই ক্ষীণ আশা ছিল, হয়তো আবারও ফিরবেন জন স্নো। তাঁদের জন্য সুখবর হচ্ছে, আবারও জন স্নো চরিত্রে দেখা যাবে কিট হ্যারিংটনকে।
সিরিজটির ষষ্ঠ সিজনে তিনি ফিরবেন বটে। উত্তর আয়ারল্যান্ডের অভিনয় স্পটে তাঁকে নিয়মিত দেখা গেছে। কিন্তু জানা গেছে, তিনি ফিরবেন শুধুমাত্র একটি মৃতদেহ হিসেবে। অর্থাৎ মৃত জন স্নো-এর চরিত্রটি রূপ দিতেই শুধু তাঁকে দেখা যাবে। তিনি আর জীবিত থাকবেন না এই চরিত্রে। সম্প্রতি ‘টাইম আউট’কে দেওয়া এক সাক্ষাৎকারে কিট জানিয়েছেন, শুধুমাত্র মৃত জন স্নোর চরিত্রটি রূপদান করতেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। জীবিত চরিত্রে অভিনয়ের কথা পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন, ‘দেখুন আমি আর এই শোতে নেই। নিশ্চিতভাবেই আমি নতুন সিরিজটিতে নেই। আমি মৃত অবস্থায় পড়ে আছি— এমন কিছু দৃশ্যায়নে অংশ নিয়েছি (হেসে), আমার সেরা কিছু কাজের মাঝে এগুলো আছে।’ তিনি আরও বলেন, ‘আমি জানি কতক্ষণ ধরে আমাকে মৃত মানুষের চরিত্রে দেখা যাবে, কিন্তু সেটা আমি আপনাদের বলে দিতে পারছি না।’
গেম অব থ্রোনসের নতুন এই সিরিজটি আগামী ২৬ এপ্রিল ভারতে মুক্তি দেবে স্টার ওয়ার্ল্ড প্রিমিয়ার এইচডি।
এনডিটিভি মুভিজ অবলম্বনে দেব দুলাল গুহ।