
‘তোমার কি মনে হয় না অন্তত একটা ভারতীয় ছবি এ বছর মূল প্রতিযোগিতায় থাকা দরকার ছিল?’ প্রেস অফিসের আড্ডায় বসে বলছিলেন এক জার্মান সাংবাদিক। ১৩ বছর ধরে এই উৎসবে যোগ দিচ্ছেন জার্মান দৈনিকের এই মাঝ বয়সী সাংবাদিক। ৬৮তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের ছবি নির্বাচন মোটেও মনঃপূত হয়নি তাঁর। তাঁর প্রশ্নের উত্তরে কী বলব ভাবছি। তিনি বলে চলেছেন, ‘ভারতে এত এত ছবি হয়, সেখানে ভারতীয় একটা ছবিও নেই। আবার দেখো, বছর সাতেক হয়ে গেল কোনো জার্মান ছবিও নেই পাম দ’রের প্রতিযোগিতায়। অদ্ভুত না? বলো।’
কিছুটা অদ্ভুত তো বটেই। উত্তরটা ভালো দিতে পারবেন উৎসব পরিচালক থিয়েরি ফারমু অথবা প্রেসিডেন্ট পিয়েল লেসকুর নিজে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই ২০১৫ সালে এসে কান উৎসবে মূল প্রতিযোগিতায় আমাদের মহাদেশীয় ছবির মহা খরা চলছে। তাহলে সেই ১৯৫৬ সালে আমাদের মতোই একজন বাঙালি কী অসম্ভবকেই না সম্ভব করেছিলেন।
দীর্ঘদেহী, সুদর্শন সেই বাঙালির নাম সত্যজিৎ রায়। ১৯৫৬ সালে তাঁর পথের পাঁচালী জিতেছিল কান চলচ্চিত্র উৎসবের অন্যতম সেরা পুরস্কারটি (বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড)।
বিশ্ব সিনেমার অন্যতম ঐতিহ্যবাহী আর বৃহত্তম এই আসরে সত্যজিৎ রায়ের সেই অনন্য অর্জনকে এরপর ছাড়িয়ে যেতে পারেননি দ্বিতীয় কোনো বাঙালি। প্রায় ৬০ বছর আগের পথের পাঁচালী তাই কান উৎসবে এখনো বাঙালির অন্যতম গর্বের ধন। সত্যজিৎ রায় নেই। বাঙালির সিনেমা গুরু সত্যজিৎ রায়কে কানে আরেকবার মনে করিয়ে দিলেন আরেক নবীন ভারতীয় নির্মাতা। তিনি নিরাজ গাওয়ান।
গঙ্গাতীরের জীবন
সত্যজিতের আজন্ম ভক্ত নিরাজ। কাজ করেছেন অনুরাগ কাশ্যপের সহকারী হিসেবে। নিরাজ গাওয়ান সেই গুটিকয় ভারতীয় নির্মাতার একজন, যিনি কান চলচ্চিত্র উৎসবে ধারণ করে আছেন ভারতকে। গতকাল কান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এ সাক্ষাৎকারে নিরাজ বলেছেন, সত্যজিৎ রায়ের সিনেমার আশৈশব অনুরাগী তিনি। সত্যজিৎ রায় তাঁর আইডলদেরও একজন। এবারের উৎসবের আন সার্টেন রিগার্ড বিভাগে আছে নিরাজের ছবি মাসান। অনুরাগের ছবি গ্যাংস অব ওয়াসিপুর সাড়া জাগিয়েছিল কান উৎসবে। এবার তাঁর অন্যতম শিষ্য নিরাজের পালা এল হয়তো।
নিরাজের ছবির পটভূমি গঙ্গাতীরের বারানসি ঘাট। যেখানে সাত-পাঁচ না ভেবেই ভিন্ন জাতের এক মেয়ের প্রেমে পড়ে যান দীপক নামের এক তরুণ। মেয়েটির নাম দেবী। দেবীকে তাড়া করে ফিরছে তার আগের প্রেমিককে হারানোর শোক। দেবীর বাবারও আছে অন্য এক সংকট। ন্যায়নীতিবোধ বলতে আর কিছু অবশিষ্ট নেই তাঁর। এরই মাঝে তার পরিবারকে খুঁজছে এক বালক। নিরাজের প্রতিটি চরিত্রেরই আছে নিজস্ব সংকট আর তিক্ত অতীত। যার ভেতর দিয়ে এগিয়ে যায় মাসান-এর গল্প। ছবিটি কান উৎসবে সালে দিবুসি হলে প্রদর্শিত হয়েছে গতকাল।
ফ্রান্সের চার
ভারত বা জার্মানির মতো দেশের ছবি নেই। এবারে প্রতিযোগিতা বিভাগের ১৯টি ছবির মধ্যে ফ্রান্সের ছবির সংখ্যাই চার। এর মধ্যে আছে জ্যাক অদিয়ারের ধিপান এবং ভেলেরি ডনজেলির মারগারেট অ্যান্ড জুলিয়েন। ইতালির ছবির সংখ্যা তিন। চীন-জাপানের বাইরে প্রতিযোগিতা বিভাগে এশিয়ার অর্জন বলতে তাইওয়ানের ছবি দ্য অ্যাসেসিন।
মাদকবিরোধী সিসারিও
কাল উৎসবে সংবাদ সম্মেলনে যোগ দিতে আসা তারকাদের পুরোভাগে ছিলেন বেনেসিও ডেল টোরো এবং জশ ব্রলিন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বিশেষ বাহিনীর মাদকবিরোধী অভিযান নিয়ে তাঁদের অভিনীত ছবি সিসারিও। সিসারিও ছাড়াও কাল উৎসবে ছিল ফ্রান্সের মারগারেট এবং জুলিয়েন ছবির উদ্বোধনী প্রদর্শনী।