ফোর্বসের 'ওভারপেইড' তালিকা শীর্ষে ডেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ

‘ওভারপেইড’ শব্দটার মধ্যেই যেন খানিকটা নেতিবাচক ভাব মুখ উঁচিয়ে থাকে। বিষয়টাই এমন, অফিসের বস বেশ বিরক্ত মুখে ভ্রু কুঁচকে বলছেন— অফিসে কাজের তুলনায় আপনি আসলেই একজন ‘ওভারপেইড’ কর্মী। কিন্তু এই ‘ওভারপেইড’-এর সঙ্গে হলিউডের তারকা অভিনেতা জনি ডেপের নাম জড়াল কীভাবে?
আদতে বেশ কয়েকটি ছবি টানা ফ্লপ করার কারণেই ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কিন্তু ব্যর্থ তারকাদের তালিকার শীর্ষে নাম উঠে গেছে জনি ডেপের।
গত বছর ‘ওভারপেইড’ তালিকায় শীর্ষে থাকা হলিউডের তারকা অ্যাডাম স্যান্ডলারকে টপকে শীর্ষে পৌঁছেছেন ডেপ। অবশ্য এই শীর্ষে উঠতে তাঁকে খুব একটা যে খাটনি করতে হয়েছে তা নয়; স্রেফ তিন তিনটা ছবি ফ্লপ করেছে বাজারে। আবার এর মধ্যে ‘লোন রেঞ্জার’ ছবিটির কল্যাণে বাজে ছবিতে বাজে অভিনয়ের ‘রেজ্জি’ পুরস্কারও পেয়েছেন ডেপ। আর এরপর এবারে ফোর্বস ম্যাগাজিনের এই ‘মোস্ট ওভারপেইড’ তারকা তালিকার শীর্ষে পৌঁছালেন তিনি।

ফোর্বস তালিকায় নাম ওঠার পেছনে লাভ-ক্ষতি, আয়-ব্যয়ের এক পরিসংখ্যান দেখাচ্ছে, প্রতি এক মার্কিন ডলার যা ডেপের জন্য বরাদ্দ ছিল সেখানে ছবি বাবদ আয় হয়েছে ১.২ ডলার। অর্থাৎ ডেপের পেছনে টাকা লগ্নি করে খুব একটা সুবিধা হয়নি প্রযোজকদের।
এদিকে, জনি ডেপের ঠিক পেছনেই আছেন হলিউডের আরেক তারকা অভিনেতা ড্যানজেল ওয়াশিংটন। তিনি তাঁর ছবির প্রযোজকদের ফিরিয়ে দিয়েছেন ডলার প্রতি সাড়ে ছয় ডলার। যদিও ড্যানজেল ওয়াশিংটনের ফোর্বসের এই ‘ওভারপেইড’ তালিকায় নাম ওঠার বিষয়টির পেছনে ছবি ফ্লপের বিষয়টি দায়ী নয়; এটি ঘটেছে তাঁর মাত্রাতিরিক্ত বিশাল অংকের পারিশ্রমিকের কারণে।
ফোর্বসের এই ‘মোস্ট ওভারপেইড’ অভিনেতার তালিকায় জনি ডেপ ও ড্যানজেল ওয়াশিংটনের পরে রয়েছেন উইল ফেরেল, লিয়াম নেসন ও উইল স্মিথ। পিটিআই।