ফ্রি স্যান্ডউইচের লোভে লিয়াম নিসন

রেস্তোরাঁয় খেতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় বিনামূল্যে! হলিউড অভিনেতা লিয়াম নিসনও এমন সুযোগ ছাড়েননি। কানাডার বিগ স্টার স্যান্ডউইচ কোম্পানি নামের রেস্টুরেন্টে গিয়ে বিনা মূল্যে স্যান্ডউইচ খেলেন ‘টেকেন’ ও ‘স্টার ওয়ার্স’ ছবির তারকা। মঙ্গলবার রেস্টুরেন্টে ঢুকেই ‘টেকেন’-এর চেনা স্বরে নাকি বললেন, ‘আমার ফ্রি স্যান্ডউইচ কই?’ বিগ স্টারের ব্যবস্থাপক ম্যাট প্রিয়াম ‘দ্য হাফিংটন পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি নিজেই লিয়ামকে বিনা মূল্যে তাঁদের স্যান্ডউইচ খাবার প্রস্তাব দিয়েছিলেন।
রেস্টুরেন্টের কাছেই লিয়ামের নতুন ছবি ‘হার্ড পাউডার’-এর শুটিং চলছিল। তা জানতে পেরে রেস্টুরেন্টের বাইরে এর কর্মীরা মজা করে কালো বোর্ডে চক দিয়ে লিখে দিয়েছিলেন, ‘লিয়াম নিসন এখানে বিনা মূল্যে খান’। প্রিয়ামও পাশে লিখেছিলেন, ‘আসুন, আমাদের স্যান্ডউইচ খেয়ে যান।’ ইশ, যদি সত্যিই লিয়াম আসতেন—এই ভেবে। আর চমকে দিয়ে লিয়াম সেখানে গিয়ে উপস্থিত। খুব আয়েশ করেই লিয়াম খেলেন স্যান্ডউইচ। বোর্ড-চকে লেখা সেই বাক্যের সঙ্গে ছবি তুলতেও ভুললেন না।
এখন লিয়াম নিসনের সম্মানে তাঁর নামে একটি সিগনেচার স্যান্ডউইচ পরিবেশন করছে বিগ স্টার। এন্টারটেইনমেন্ট টুনাইট