বখাটে লরেন্স!

সনির নির্বাহীর সেই শোরগোল ফেলে দেওয়া চিঠি ফাঁস হয়েছে বেশ কিছুদিন হলো। চিল্লাচিল্লিও থিতিয়ে এসেছে অনেকটা। তবে একটা শব্দ এখনো যেন পথ ভুলে মনুষ্যগৃহে ঢুকে পড়া বাদুড়ের মতো ঘুরপাক খাচ্ছে ‘বখাটে ছোকরা’।
হলিউডে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের ঢের কম পারিশ্রমিক। এমনকি অ্যাঞ্জেলিনা জোলির মতো অভিনেত্রীরাও এ নিয়ে উচ্চকিত হলে তাঁদের ‘বখে যাওয়া ছোকরা’ বলে উপহাস করা হয়েছে। বিষয়টি নিয়ে জেনিফার লরেন্স এর আগে জ্বালাময়ী এক খোলা চিঠি লিখেছিলেন। সেটার ভালো-মন্দ দুই রকম প্রতিক্রিয়াই পেয়েছেন এই অভিনেত্রী। যাঁরা গাল দিয়েছেন, তাঁদের নাকি গোনার মধ্যেই ধরছেন না অস্কারজয়ী এই তারকা।
লরেন্স বলেছেন, ‘ওটা লেখার পর এক জায়গায় আমাকে বলা হয়েছে “জেনিফার লরেন্সের ছোকরামো আচরণ”। আমার প্রতিক্রিয়া ছিল, এমন একটা প্রশংসার জন্য ধন্যবাদ, আপনারা আমার অভিযোগটাই প্রমাণ করে দিলেন। কোনো নারী জোরের সঙ্গে নিজের দাবি নিয়ে কথা বললেই তাঁকে ছোকরামো বলা হয়, কই কোনো পুরুষকে তো বলা হয় না!’
পিটিআই।