বদলে গেছেন কুচার

জীবন সম্পর্কে ধারণাই পাল্টে গেছে হলিউডের অভিনেতা অ্যাস্টন কুচারের। আর তাঁর এই জীবন দর্শন পাল্টানোর ক্ষেত্রে কে ভূমিকা রেখেছে জানেন? কুচার আর মিলা কুনিসের ঘরে জন্ম নেওয়া ছোট্ট মেয়ে উইয়াটই বদলে দিয়েছে অ্যাস্টন কুচারকে। ৩৮ বছর বয়সী এ অভিনেতা এখন একেবারেই অন্য রকম মানুষ।
এই একফোটা এক বাচ্চাই কুচারকে দিয়েছে পিতৃত্বের স্বাদ। আর তাই কুচারের জীবনের অগ্রাধিকারগুলোতে এসেছে পরিবর্তন। এ ব্যাপারে কুচার বলেছেনও দামি এক কথা, ‘আমি নতুন করে আমার অগ্রাধিকারের তালিকা করেছি। শুধু মা-বাবাই বুঝতে পারে, বাবা-মা হওয়ার মানেটা।’
তাহলে কি সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ব্যক্তিগত বিষয় নিয়ে কুচার যেভাবে সরব হতেন, তা আর তিনি হবেন না?
কুচার জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় থাকবেন ঠিকই, কিন্তু আগের মতো ব্যক্তিগত ভালো-মন্দের কথা আর বলবেন না। তিনি এখন এমন কথাই লিখবেন ফেসবুকে, যা মানুষকে নতুন কোনো ভাবনার দিকে টানতে অনুপ্রাণিত করে, যা মানুষে মানুষে দূরত্ব কমায়, যা মানুষকে শিক্ষিত করে তোলে।
তাহলে উইয়াট বদলে ফেলল বাবা অ্যাস্টন কুচারের দুনিয়াকে! খুদে শিশুটির শক্তি তো কম না! ইন্ডিয়ান এক্সপ্রেস।