বন্ড ক্রেইগের বলিউড বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ক্রেইগ
ড্যানিয়েল ক্রেইগ

বলিউড চলচ্চিত্রের প্রশংসায় যেন সবাই ইদানীং পঞ্চমুখ। কিছুদিন আগে বলিউড তারকা এবং বলিউডের ছবির প্রশংসা করেছিলেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। জেমস বন্ডের নতুন ছবি ‘স্পেকট্রা’তে অভিনয় করছেন তিনি। বন্ড গার্লের পর এবারে বলিউড বন্দনা করেছেন বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ।

ভারতের কেরালা এবং গোয়া ঘুরে যাওয়া এই বন্ড তারকা বলেন, ‘বলিউডের চলচ্চিত্র শিল্পে জীবনের উচ্ছ্বাস এবং আয়োজনগুলোকে চমৎকার ভাবে ক্যামেরায় ফুটিয়ে তোলা হয়।’ তাঁর মতে বলিউডের ছবি অসাধারণ।

ড্যানিয়েল আরও বলেন, ‘হ্যাঁ, আমি বলিউডের ছবি দেখি, সেগুলো অসাধারণ। বলিউডের চলচ্চিত্রে মানেই জীবন, আনন্দ, উৎসব। তাঁরা দর্শকদের জন্যই ছবি বানান, যারা সিনেমা উপভোগ করে। যা আমরা জেমস বন্ডে ছবির ক্ষেত্রে করার চেষ্টা করি। বলিউডের ছবি ভীষণ ভালো করছে।’

ক্রেইগ এও জানান, বলিউডের ছবির সঙ্গে জেমস বন্ড ছবির একটি বিশেষ মিল রয়েছে। সেটি ছবির পরিণতিতে। বলিউডের ছবিতে যেমন দর্শকের আনন্দ ও সন্তুষ্টির প্রতি লক্ষ রেখে ছবির পরিণতি চিত্রিত করা হয়, জেমস বন্ড ছবির জন্যও আমরা ঠিক তেমনটিই করে থাকি। জেমস বন্ড চরিত্রটি প্রসঙ্গে ক্রেইগ আরও বলেন, প্রতিটি নতুন ছবিতে জেমস বন্ড ক্রমশ আরও প্রাজ্ঞ ও পরিণত হয়ে ওঠে।


কিছুদিন আগে ‘ব্রিটিশ সিক্রেট এজেন্ট’ জেমস বন্ড-এর ভূমিকায় অভিনয় করতে কেমন লাগে জানতে চাইলে ড্যানিয়েল ক্রেইগ বলেছিলেন, ‘অভিনয়ের জন্য ‘জেমস বন্ড’ হতে ভালো লাগে; কিন্তু পর্দায় নিজেকে দেখতে ভালো লাগে না।’

ব্রিটিশ গুপ্তচর হিসেবে ‘জেমস বন্ড’ চরিত্রের অষ্টম অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এর আগে এই বিখ্যাত গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রজার মুর, শ্যন কনোরি, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন প্রমুখ।