বন্ড ভিলেনের বিদায়

বিখ্যাত মার্কিন খল চরিত্রাভিনেতা রিচার্ড কিয়েল মারা গেছেন ১০ সেপ্টেম্বর। ক্যালিফোর্নিয়ার সেইন্ট অ্যাগনেস মেডিকেল সেন্টারে ৭৪ বছর বয়সে এই অভিনয়শিল্পী মারা গেলেন। তাঁর জনপ্রিয়তা মূলত বন্ড ভিলেন হিসেবেই। ‘জেমস বন্ড’ চলচ্চিত্র সিরিজের দ্য স্পাই হু লাভড মি (১৯৭৭) ও মুনর্যাাকার (১৯৭৯) চলচ্চিত্রগুলোতে খলচরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় উঠেছিলেন এই সাত ফুট দুই ইঞ্চি উচ্চতাবিশিষ্ট শিল্পী। এই দুটি চলচ্চিত্রে ‘দাঁতাল খলনায়ক “জ”’ হিসেবে তাঁকে দেখা যায়। দাঁতগুলো ছিল ইস্পাতের। এই রূপ ও তাঁর অনবদ্য অভিনয় তাঁকে জিরো জিরো সেভেন-এর খলনায়কদের মধ্যে বিশেষ স্থান করে দেয়।
জেমস বন্ড সিরিজের দ্য স্পাই হু লাভড মি ছবিতে তাঁর চরিত্রের মৃত্যুর কথা থাকলেও তিনি এত জনপ্রিয়তা অর্জন করেন যে মুনর্যািকার–এ তাঁকে ফিরিয়ে আনা হয়।
কিয়েলের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমস।