বন্ড হিসেবে ক্রেইগকেই চাচ্ছেন 'বস'

বছর শেষের এই বড়দিন ঘিরে তাঁদের বছর জুড়ে পরিকল্পনা। কত কি করবেন, কীভাবে সময় কাটাবেন— যেন তাঁদের ইচ্ছাপূরণেরই সময় এটি। তবে এই বড়দিনে ‘জেমস বন্ড’ ছবির মার্কিন প্রযোজক বারবারা ব্রোকোলির একটাই ইচ্ছা, ড্যানিয়েল ক্রেইগকেই তিনি আবার দেখতে চান বন্ডের ভূমিকায়। অন্তত সিরিজটির আরেকটি সিনেমায়। জেমস বন্ড ছবির ‘বস’ বারবারা চাচ্ছেন, আগামী বন্ড হিসেবে নতুন বন্ড ছবিটিতে ক্রেইগই অভিনয় করবেন। কাজেই বন্ড ক্রেইগেরও এতে না করার কোনো উপায় নেই।
বন্ডের জুতোয় ড্যানিয়েল ক্রেইগকে আবারও পা গলাতে দেখা যাবে কিনা, তা নিয়ে ভক্তরা সংশয়েই ছিলেন। তাঁদের জন্য আশার আলোই বলতে হয়। ক্রেইগ কিন্তু সরাসরি না বলেননি একবারও। তিনিও ভুগছেন কিছুটা দোটানায়। ঠিক করতে পারছেন না, বন্ডের ‘ওয়ালথার পিপিকে’ আবারও ‘হাতে তুলে নেবেন’ কিনা। ‘স্পেকটর’ পরিচালক স্যাম মেন্ডেস অবশ্য সাফ জানিয়েছিলেন, তিনি আর ‘ডাবল ও সেভেন’ সিরিজের কোনো সিনেমার পরিচালকের আসনে বসবেন না।
শক্তপোক্ত চেহারার মাঝবয়সী সুদর্শন এক অভিনেতা। শুরুর দিনগুলো থেকেই এমন বন্ডই দেখে অভ্যস্ত এ ছবির দর্শকেরা। সেদিক থেকে চরিত্রটির সঙ্গে বেশ মানিয়েও গেছেন ক্রেইগ। আর এই চরিত্রে অভিনয়ও করছেন বেশ চমৎকার। তাই তাঁকে একদমই হাতছাড়া করতে রাজি না প্রযোজনা প্রতিষ্ঠান।
আগামী বছরের বসন্তে নতুন জেমস বন্ড ছবি তৈরির প্রাথমিক কাজ শুরু হবে। তাঁর আগেই ক্রেইগকে নিশ্চিত করতে চান বারবারা। কে হচ্ছে পরবর্তী জেমস বন্ড? ভক্তদের এমন প্রশ্নের জবাবে তিনি ক্রেইগের কথা বলতে চান বলেই জানিয়েছেন।
বারবারা বলেছেন, ‘আমি মনে করি সে (ড্যানিয়েল ক্রেইগ) চমৎকার, শুধু আমার কাছেই নয়, দর্শকদের কাছেও। তাঁকে বন্ডের ভূমিকায় রাখার জন্য আমার যথাসাধ্য করব।’
যারা ভুরু কুঁচকে ভাবছেন কে এই বারবারা, তাঁদের জন্য বলে রাখি, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ অভিনীত বেশ কয়েকটি বন্ড সিনেমার প্রযোজক বারবারা ব্রোকোলি। প্রযোজনার এই বিষয়টি তিনি পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে। বারবারার বাবা আলবার্ট আর ব্রোকোলি ইওএন প্রডাকশনের সহপ্রতিষ্ঠাতা। বইয়ের পাতা থেকে রুপালি পর্দায় বন্ডকে নিয়ে আসার নেপথ্যের কারিগর তিনি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।