
ঝলমলে সোনালি চুল। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। চোখের চাহনি বরাবরের মতোই রহস্যঘেরা। মুখে একটুখানি হাসি সর্বক্ষণ লেগে থাকে বটে। কিন্তু সেই হাসি বাঁধ ভাঙে খুব কম। কাল বৃহস্পতিবার উৎসবের শেষভাগে এসে ফরাসি বন্ডকন্যা লিয়া সেদু জয় করে নিলেন কান চলচ্চিত্র উৎসব।
লিয়া সেদু অভিনয় করেছেন বন্ড সিরিজের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি স্পেকটর-এ। তাঁর অভিনীত ছবির তালিকায় আছে মিশন ইম্পসিবল: গোস্ট প্রটোকল, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এবং ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার-এর মতো সাড়াজাগানো ছবি। কান উৎসবে ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার স্বর্ণ পাম জিতেছিল ২০১৩ সালে। এই অভিনেত্রীর জন্য এবারের উৎসবে কী অপেক্ষা করছে, তা দেখা যাক!
কাল কানাডার তরুণ নির্মাতা জাভিয়ের দোঁলার ইটজ অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড ছবির প্রদর্শনীর দিনে লিয়া এসেছিলেন কান চলচ্চিত্র উৎসবে। জাভিয়ের দোঁলা তাঁর মমি ছবিটি দিয়ে কানে শোরগোল ফেলেছিলেন দুই বছর আগে। গত বছর ছিলেন এই উৎসবের বিচারক। এবার তাঁর সঙ্গী ফ্রান্সের এ সময়ের জনপ্রিয়তম দুই অভিনেত্রী লিয়া সেদু ও মারিয়ন কোতিয়া। আছেন, ভিনসেন্ট ক্যাসেলের মতো পরীক্ষিত অভিনেতাও।
মারিয়ন কোতিয়াহ উৎসবে এসেছেন আগেই। সম্ভবত সে কারণেই গতকাল সবার আগ্রহের বড় অংশ জুড়ে থাকলেন লিয়া ও জাভিয়ের দোঁলা।
‘জাভিয়েরের কাজের ধরন একদমই আলাদা। ও এমনভাবে কাজ করে যে ওকে ভালো না লেগে উপায় নেই। আবার উল্টোভাবে, সে-ও সবাইকে খুব কাছের মানুষের মতো দেখে। আমি খুব খুশি তার সঙ্গে কাজ করতে পেরে।’ কাল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এমনটা বলেছেন লিয়া।
নির্মাতা জাভিয়ের কথা বলেছেন তাঁর এবারের ইটজ অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড ছবির সংগীত, সম্পাদনাসহ নানা দিক নিয়ে।
তাঁর এই ছবির বিষয় একজন লেখকের নতুন করে তাঁর কাছের মানুষদের কাছে ফিরে আসা। সঙ্গে পারিবারিক সম্পর্ক, পুরোনো স্মৃতি রোমন্থন—এমন নানা কিছু।
‘নীরবতা অনেক বেশি অর্থবহ হয় অনেক সময়। যে কথা বলা হয়নি, সেটাও হৃদয় দিয়ে বুঝে নিতে হয়। এ কারণেই আমার চরিত্রগুলোর অভিব্যক্তি খুব কাছ থেকে ধরার চেষ্টা করেছি।’
ছবির প্রায় পুরোটায় ক্লোজআপ শটের ব্যাপক ব্যবহারের কারণ এভাবেই ব্যাখ্যা করেছেন জাভিয়ের দোঁলা।
কাল উৎসবের আরেক বড় আকর্ষণ ছিল রোমানিয়ার ক্রিস্তিয়ান মুংগিউর প্রতিযোগিতা বিভাগের ছবি গ্র্যাজুয়েশন এবং জিম জারমুশের গিম্মি ডেঞ্জার।