বন্ডে ঢুকতে চান সুপারম্যান

হেনরি ক্যাভিল
ইনস্টাগ্রাম

‘নো টাইম টু ডাই’–এর পর জেমস বন্ড সিরিজে আর দেখা যাবে না ড্যানিয়েল ক্রেগকে। তাঁর স্থলাভিষিক্ত হবেন একজন নতুন অভিনেতা। অনেক ইংলিশ অভিনেতার চোখ এখন বন্ডের দিকে। শোনা যাচ্ছে, পরের বন্ড হতে পারেন একজন নারী! এ কারণেই হয়তো বন্ড সিরিজের খলনায়ক হতে চাইছেন হেনরি ক্যাভিল!
সাংবাদিকদের তেমনটিই জানিয়েছেন ক্যাভিল।

‘বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসন যদি আমার ব্যাপারে আগ্রহী হন, আমি সম্মানের সঙ্গে সাড়া দেব। সেটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাব।’ তবে শুধু খলনায়ক নয়, জেমস বন্ড নিয়েও আগ্রহী এই অভিনেতা। এমনকি ২২ বছর বয়সে বন্ড হওয়ার জন্য অডিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু পিয়ার্স ব্রুসনানের হাত থেকে চরিত্রটা চলে গেল ড্যানিয়েল ক্রেগের হাতে। আর ক্রেগ রুপালি পর্দায় বন্ডকে দিলেন এক অন্য মাত্রা।

‘নো টাইম টু ডাই’ ছবিতে ড্যানিয়েল ক্রেগ।
সংগৃহীত

তাতে কী? মন থেকে এখনো বন্ড হওয়ার বাসনা যায়নি ক্যাভিলের। কারণ, এখনো তাঁর মুখে শোনা যায়, যদি প্রযোজক রাজি থাকেন, এখনো বন্ড হতে একপায়ে খাড়া তিনি। ক্যাভিল বলেন, ‘এখন বন্ড হওয়ার ব্যাপারটা অনিশ্চিত। দেখছি, কী ঘটছে। কিন্তু হ্যাঁ, আমি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেই বেশি আগ্রহী। সেটা হবে একটা দারুণ ব্যাপার।’

হেনরি ক্যাভিল
ইনস্টাগ্রাম

বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’–এর পর যদি একজন নারী বন্ড হিসেবে আসেন, তবে খলনায়ক হিসেবে প্রযোজকেরা ক্যাভিলকে ভাবতেই পারেন। নারী বন্ড না হলে তো কথাই নেই। ভক্তরা সুপারম্যান চরিত্রের এই অভিনেতাকে ০০৭–এর দুর্ধর্ষ স্পাই হিসেবে দেখতে পছন্দই করবেন। তবে সবই নির্ভর করছে প্রযোজকদের ওপর। পরের ছবি বা নতুন বন্ড নিয়ে তাঁরা এখন নীরব।