বন্ডের সমালোচনায় বন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ
পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ

এক সময়ের পর্দা কাঁপানো জেমস বন্ড পিয়ার্স ব্রসনান বললেন, এবারের বন্ড ছবিটি নাকি তাঁর কাছে ‘না ঘর কা, না ঘাট কা’ মনে হয়েছে। নতুন জেমস বন্ড ছবি ‘স্পেক্টর’ নিয়েও দারুণ সমালোচনা করলেন এই ‘ডাই অ্যানাদার ডে’ তারকা। বিদায়ী বন্ড ড্যানিয়েল ক্রেইগের প্রশংসা করলেও, ব্রসনানের কাছে ছবির গল্প বড্ড দুর্বল লেগেছে। তা ছাড়া ছবিটি নাকি ছিল দারুণ লম্বা। এমন নানা ধরনের সমালোচনা তিনি করেছেন জেমস বন্ডের সাম্প্রতিক ‘স্পেক্টর’ ছবিটি নিয়ে।

সম্প্রতি হিটফিক্স নামে একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক ‘বন্ড’ তারকা পিয়ার্স ব্রসনান। তাঁকে ১৯৯৫ থেকে ২২০২ সাল পর্যন্ত দর্শকেরা পর্দায় জেমস বন্ড হিসেবে পেয়েছিল। তাঁর পরেই বন্ডের জুতো পায়ে পরেন ড্যানিয়েল ক্রেইগ। পিয়ার্স ব্রসনান তাঁর ছবি ‘নো এসকেপ’-এর ডিভিডি প্রকাশের অনুষ্ঠানে নতুন বন্ড ছবিটি নিয়ে মন্তব্য করেন।

পিয়ার্স ব্রসনান সে সময় মন খুলেই সমালোচনা করেন ‘স্পেক্টর’ ছবিটির। তবে, ক্রেইগের প্রশংসা করে তিনি বলেন, ‘ড্যানিয়েল এ ছবিটি জিতে নিয়েছে। তাঁর সহজাত অভিব্যক্তি আর ব্যক্তিত্ব ছিল দেখার মতো।’

কিন্তু ‘স্পেক্টর’ ছবি প্রসঙ্গে ব্রসনান বলেন, ‘আমি আসলে এক সময় খেই হারিয়ে ফেলেছিলাম। কি দেখছি আমি! বন্ড নাকি বর্ন!’ তিনি বলেন, ‘ছবিটা আরেকটু সংক্ষিপ্ত হতে পারতো। অনেক অধীর হয়ে ছবিটি দেখার অপেক্ষা করছিলাম। কিন্তু কি দেখলাম!’


তবে ছবি খারাপ হলেও ড্যানিয়েল ক্রেইগকে নিয়ে দারুণ আশাবাদী পিয়ার্স ব্রসনান। বিদায়ী এই বন্ডকে নিয়ে সাবেক বন্ড পিয়ার্স ব্রসনান বলেছেন, ‘না না, ওর এখনই বিদায় নেওয়ার কি দরকার? ওকে কয়েকটা বছর বিরতি দেওয়া হোক। এরপর দেখ ড্যানিয়াল কীভাবে বন্ড রূপে আগের সবাইকে ছাপিয়ে যায়!’ ইয়াহু নিউজ।