বন্ধু পলের স্মরণে

কাছের মানুষের প্রতি ভালোবাসা দেখাতে কতজন কত কিছুই তো করেন! সম্প্রতি প্রয়াত বন্ধু ও সহকর্মী পল ওয়াকারের নামে নিজের মেয়ের নাম রেখেছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল। পলের নামের সঙ্গে মিলিয়ে ডিজেল তাঁর মেয়ের নাম রেখেছেন পলিন। পলের স্মৃতি ধরে রাখতেই এমনটা করেছেন বলে জানিয়েছেন ডিজেল।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান ভিন ডিজেল এবং প্রয়াত পল ওয়াকার। কেবল সহকর্মী নয়, পলকে নিজের খুব কাছের বন্ধু বলেই ভাবতেন ভিন ডিজেল। কিন্তু সময়ের অনেক আগেই প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেন ডিজেল। ‘ফিউরিয়াস ৭’ ছবির শুটিং শেষ না করেই ২০১৩ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন পল। তাঁর আকস্মিক মৃত্যুতে ছবির কাজ স্থগিত হয়ে যায়। অবশেষে এ বছর আলোর মুখ দেখছে ‘ফিউরিয়াস ৭ ’। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ৩ এপ্রিল।

ডিজেল তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবর জানান ১৬ মার্চ। সেদিন পরিবারের নতুন অতিথির ছবি ফেসবুকে পোস্ট করে বাবা হওয়ার খবর নিশ্চিত করেন তিনি। তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবর নিশ্চিত করলেও, ছেলে না মেয়ে সন্তানের বাবা হয়েছেন, শুরুতে তা জানাননি ভিন ডিজেল। কবে সন্তানের বাবা হয়েছেন এবং সন্তানের নাম কি রেখেছেন, সে বিষয়েও মুখ খোলেননি তিনি।
সম্প্রতি এনবিসি’র ‘টুডে’ অনুষ্ঠানে মেয়ের নাম কি রেখেছেন তা জানান ডিজেল। তিনি বলেন, ‘আমি আমার মেয়ের নাম রেখেছি পলিন। আমি জানি, আমার মেয়ের জন্মের সময় সে (পল ওয়াকার) আশপাশেই ছিল। আমি তার স্মৃতিকে আমার স্মৃতির অংশে পরিণত করতেই এই পথ বেছে নিয়েছি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইঅনলাইন ডটকম।
২০০৭ সালে মেক্সিকান মডেল পালোমা জিমেনেজকে সঙ্গী নির্বাচন করেন ভিন ডিজেল। সেই থেকে এক সঙ্গেই আছেন তাঁরা। তাঁদের ছেলে ভিনসেন্ট সিনক্লেয়ারের বয়স এখন সাড়ে চার। আর মেয়ে হানিয়া রাইলির বয়স সাড়ে ছয়।
আরও পড়ুন
তৃতীয় সন্তানের বাবা হলেন ভিন ডিজেল