বন্ধুর পিঠে যাঁদের ছুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন মেয়ার ও কেটি পেরি, টেলর সু্ইফট
জন মেয়ার ও কেটি পেরি, টেলর সু্ইফট

বিষণ্ন বিকেল। মরে আসা রোদে, বাড়ির এক কোণে বসে গিটার বাজিয়ে গান গাইছেন কেটি পেরি। পেরি গানই তো গাইবেন, এটা এত বিতং করে বলার কিছু নেই। কিন্তু এ কী, পেরির কণ্ঠে এ কোন গান! ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়!
ঠাট্টা হিসেবে নিতে পারেন। কিন্তু কল্পিত দৃশ্যটা একেবারে অবাস্তব না তো হতে পারে। বিষণ্ন ²বিকেেল বিষণতর একটা গান পেরির গলায় শোভা পেতেই পারে। হয়তো এই গানটি থাকবে না। গানের ভাষা অন্য রকম হলেও বক্তব্য হতে পারে একই। পেরির ‘বন্ধু’ যে তাঁরই বাড়ির সামনে দিয়ে অন্য এক সহচরীর হাত ধরে চলে গেছেন। জন মেয়ারের সঙ্গে কী প্রেমটাই না ছিল! সেই প্রেম টুটেফুটে যাওয়ার পর মেয়ার কিনা প্রেমিকা হিসেবে বেছে নিলেন পেরিরই বন্ধু টেলর সু্ইফটকে!

টেলর সু্ইফট ও টেলর লুটনার, সেলেনা গোমেজ
টেলর সু্ইফট ও টেলর লুটনার, সেলেনা গোমেজ

সম্প্রতি জেনিফার লরেন্সের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে নিকোলাস হল্টের। বিচ্ছেদের আসল কারণ যা-ই হোক না কেন, লরেন্স নাকি কাছের বন্ধুদের কাছে অভিযোগ করেছেন, ক্রিস্টেন স্টুয়ার্টই ছিনতাই করে নিয়ে গেছে তাঁর স্বপ্নের মানুষটি। হয়তো অভিযোগটা মিথ্যা। কিংবা খবরটাই। তবে এই ফাঁকে আসুন জেনে নিই এমন কিছু হতভাগা বা হতভাগিনীর কথা, যাদের ভালোবাসার মানুষটি সম্পর্ক ছেদের পর তাঁরই কোনো বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন প্রেমে। জেনে নিই সেসব তারকার কথা, যাঁরা এভাবেই বন্ধুর পিঠে বসিয়ে দিয়েছিলেন ছুরি।

হিলারি ডাফ ও অ্যারন কার্টার, লিন্ডসে লোহান
হিলারি ডাফ ও অ্যারন কার্টার, লিন্ডসে লোহান

পেরির গল্পটা তো শুনলেনই। যে সুইফটের বিরুদ্ধে তাঁর এই ছুরি মারার অভিযোগ, সেই তিনিও কিন্তু শিকার হয়েছিলেন এমন পরিস্থিতির। টোয়াইলাইট ছবির তারকা টেলর লুটনারকে তাঁর হৃদয়ের আঙিনা থেকে সরিয়ে নিয়েছিলেন সেলেনা গোমেজ।
এমন অভিজ্ঞতা হয়েছিল ড্রিউ ব্যারিমোরেরও। ২০০২ সালে এক কনসার্টে পরিচয় হওয়ার পর টানা পাঁচ বছর ব্যারিমোর প্রেম করেছেন স্ট্রোকসের ড্রামার ফ্যাব্রিজিও মোরেটির সঙ্গে। সেই মোরেটি ব্যারিমোরের সঙ্গে সম্পর্ক চুকে দিয়ে পরে কিনা প্রেম করলেন এই অভিনেত্রীর কাছের বন্ধু ক্রিস্টিন উইগের সঙ্গে! ব্যারিমোর অবশ্য সম্পর্কটা সহজভাবেই নিয়েছিলেন।

ক্যামেরন ডিয়াজ ও কেট হাডসন, অ্যালেক্স রদ্রিগেজ
ক্যামেরন ডিয়াজ ও কেট হাডসন, অ্যালেক্স রদ্রিগেজ

কিন্তু সবাই কি পারে? কেট হাডসন আর ক্যামেরন ডিয়াজ যেমন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন। দুই বন্ধুর এমন শত্রু হয়ে যাওয়ার পেছনে ছিলেন অ্যালেক্স রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের নামী এই বেসবল খেলোয়াড় হাডসনের সঙ্গে সম্পর্কের ইতি টেনে দেওয়ার কদিন পরেই প্রেম শুরু করেন ডিয়াজের সঙ্গে। কেউ কেউ বলে থাকেন, হাডসন যে জাস্টিন টিম্বারলেককে তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছিলেন, ডিয়াজ নাকি সেই শোধই তুলেছেন এভাবে!

ড্রিউ ব্যারিমোর ও ফ্যাব্রিজিও মোরেটি, ক্রিস্টিন উইগ
ড্রিউ ব্যারিমোর ও ফ্যাব্রিজিও মোরেটি, ক্রিস্টিন উইগ

সংগীত তারকা অ্যারন কার্টার ক্যারিয়ারের সংগ্রামমুখর সময়টায় প্রেম করেছিলেন উঠতি অভিনেত্রী হিলারি ডাফের সঙ্গে। সেই প্রেমে ক্লান্তি এসে গেলে কার্টার ভিন্ন স্বাদ খুঁজতে হাত বাড়ান ডাফেরই বন্ধু লিন্ডসে লোহানের দিকে! লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে প্রেমের লেনাদেনা করেছেন মাইলি সাইরাস। বাগদান হয়েছিল। ঠিক হয়েছিল বিয়ের দিনক্ষণও। কিন্তু সেই সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। একসময় সাইরাসে শূন্য হৃদয় পূর্ণ করেন কেলান লুটজ। কিন্তু শেষ পর্যন্ত বন্ধু হেমসওয়ার্থের দিকে তাকিয়ে এই সম্পর্কের পথে বেশি হাঁটেননি।

লিয়াম হেমসওয়ার্থ ও মাইলি সাইরাস, কেলান লুটজ
লিয়াম হেমসওয়ার্থ ও মাইলি সাইরাস, কেলান লুটজ

বিচ্ছেদ সব সময়ই কষ্টের। তবুও প্রেমিক হৃদয় চায়, ‘তবু মনে রেখো, যদি দূরে চলে যাই। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেমজালে।’ অতীত হয়ে যাওয়া ভালোবাসার মানুষটি যখন নতুন প্রেম হিসেবে বেছে নেয় নিজেরই কোনো বন্ধুকে—তখন তো হৃদয় পোড়ে আরও বেশি। ‘কেমনে বাঁধিব হিয়া, আমারই বধূ আন বাড়ি যায়, আমার আঙিনা দিয়া!’
রাজীব হাসান
টিএনএন অবলম্বনে