বাড স্পেন্সার মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড স্পেন্সার (ফাইল ফটো)
বাড স্পেন্সার (ফাইল ফটো)

ইতালিয়ান ওয়াস্টার্ন তারকা বাড স্পেন্সার ইতালির রাজধানী রোমে গতকাল সোমবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বাড স্পেন্সার ১৯২৯ সালে ইতালির নাপোলি শহরের সান্তা লুসিয়াতে জন্মগ্রহণ করেন। টেরেন্স হিলের সঙ্গে ১৬টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
‘লা রিপাবলিকা ডেইলি’ নামে একটি পত্রিকা জানায়, রোমের একটি হাসপাতালে তিনি মারা যান।
সুহৃদ ও চলচ্চিত্র বন্ধুরা টুইটারে শোকবার্তা পাঠান। ইতালির প্রধানমন্ত্রী ম্যাতিও রেঞ্জি টুইট করেন, ‘আমরা তোমাকে খুব ভালোবাসি, স্পেন্সার।’ এ ছাড়া ইতালির সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা রাসেল ক্রোসহ আরও অনেকেই শোকবার্তা লিখে টুইট করেন।

ইতালির দক্ষিণের শহর নাপোলিতে জন্ম হলেও ১১ বছর বয়সে বাড রোমে পাড়ি জমান। সেখানে হয়ে উঠেন একজন চমত্কার সাঁতারু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিবারসহ চলে যান ব্রাজিলের রিও ডি জেনিরোয়। সেখানে কিছুদিন নির্মাণকাজ ও লাইব্রেরিয়ানের কাজ করেন। আবার তিনি রোমে ফিরে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। রাতারাতি বিখ্যাত হয়ে যান। সাতবার ইতালির সাঁতার চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৬০ সালের রোম অলিম্পিকের পর সাঁতারকে বিদায় জানান।
এরপর তিনি এক চলচ্চিত্র প্রযোজকের মেয়েকে বিয়ে করেন। তাঁদের ঘরে জন্ম নেয় তিনটি সন্তান। ঠিক ৩৮ বছর বয়সে ১৯৬৭ সালে প্রথম ওয়েস্টার্ন ছবি ‘গড ফরগিভ...আই ডোন্ট!’ ছবিতে অভিনয় করেন। এরপর তাঁর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। প্রিয় হলিউড অভিনেতা স্পেন্সার ট্রেসির অনুকরণে বাড স্পেন্সার নাম নেন। ‌‌‌‌‌‌‌‌‌‌‘দে কল মি ট্রিনিটি’ ছবি দিয়ে বাড আন্তর্জাতিক তারকা হয়ে যান। ইতালিয়ান ওয়েস্টার্ন ছবিতে একজন চমত্কার কাউবয় হিসেবে নাম লেখান বাড।
প্রায় ৪০টি ছবিতে অভিনয় করেন তিনি। শখের বশে রাজনীতিও করেছিলেন। এনডিটিভি মুভিজ