বাফটা জিতে অস্কারে এক ধাপ

কেঁদে ফেলবেন নিশ্চিত। হয়তো বলবেন, ‘সেই তুমি এলে! অবশেষে এলে! এত দেরিতে কেন এলে!’ না, এখনো জোর দিয়ে বলা যাচ্ছে না, এবারের অস্কারে সেই পরম আরাধ্যের পুরস্কারটি হাতে নিয়ে আবেগতাড়িত হওয়ার সৌভাগ্য লিওনার্দো ডিক্যাপ্রিওর হবে কি না। তবে আশার চর জেগে উঠছে। একের পর এক পুরস্কারে স্নাত হচ্ছেন, আর সেই আশার পরিধি বাড়ছে। এবার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডেও (বাফটা) ডিক্যাপ্রিও আর রেভেন্যান্ট-এর জয়জয়কার।

গত রোববার লন্ডনে দেওয়া হলো সম্মানজনক এই পুরস্কার। তাতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা—তিন প্রধান বিভাগেই পুরস্কার জিতেছে আলেহান্দ্রো ইনাররিতুর ছবিটি। আটটি বিভাগে মনোনয়ন পেয়ে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতেছে রেভেন্যান্ট। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রুম দিয়ে কাঁপিয়ে দেওয়া ব্রি লারসন।
এখন পর্যন্ত ক্যারিয়ারে সব মিলিয়ে ১৬১ বার মনোনয়ন পেয়ে ৪৮টি পুরস্কার জিতেছেন ডিক্যাপ্রিও। কিন্তু অস্কার অধরাই থেকে গেছে। গত বছর প্রথমবারের মতো একই সঙ্গে দুটি বিভাগে মনোনয়ন পেয়েও কাজ হয়নি। ডিক্যাপ্রিও কেন অস্কার জিতছেন না, এ যেন ‘বারমুডা ট্রায়াঙ্গলের’ অসমাপ্ত এক রহস্য হয়ে আছে।
কে জানে, এবারই হয়তো সেই রহস্যের সমাপ্তি! আইএএনএস।