বাবাকে হারালেন নিকোল কিডম্যান

অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যানের বাবা অ্যান্টনি কিডম্যান আর নেই। ১২ সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গাপুরের একটি ক্লাবে হার্ট অ্যাটাকে মারা গেছেন অ্যান্টনি কিডম্যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বাবার হঠাৎ মৃত্যুতে প্রচণ্ড মুষড়ে পড়েছেন নিকোল কিডম্যান।
এ প্রসঙ্গে নিকোল কিডম্যানের মুখপাত্র লেসলি ডার্ট জানিয়েছেন, অ্যান্টনি কিডম্যানের হঠাৎ মৃত্যুতে নিকোল কিডম্যান ও তাঁর পরিবারের সদস্যেরা প্রচণ্ড আঘাত পেয়েছেন।
অ্যান্টনি কিডম্যানের মৃত্যুর কারণে যুক্তরাষ্ট্রের একটি কনসার্ট বাতিল করেছেন নিকোল কিডম্যানের স্বামী কিথ আরবান। এক ফেসবুক বার্তায় কিথ আরবান লিখেছেন, ‘নিকের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এএফপি।
মেয়ে অ্যান্টোনিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর গিয়েছিলেন অ্যান্টনি কিডম্যান। শুক্রবার সকালে শরীরচর্চা শেষ করে স্থানীয় ট্যাংলিন ক্লাবের একটি রেস্তরাঁয় যান অ্যান্টনি।
সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্টনি কিডম্যান সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালক ছিলেন।