
বার্লিনের লালগালিচায় রবার্ট প্যাটিনসনকে দেখা গেল একদম ভিন্ন রূপে। ‘টোয়াইলাইট’ উন্মাদনার পর এই তারকাকে কি ভুলতে বসেছিলেন কেউ কেউ? সেই সুযোগ কম। প্যাটিনসন ফিরেছেন আবারও পুরোদমে। চলমান বার্লিন চলচ্চিত্র উৎসবে প্যাটিনসন হাজির হয়েছেন তাঁর সাম্প্রতিক ছবি ‘দ্য লস্ট সিটি অব জেড’-এর প্রচারণায়। একজন ইংরেজ অভিযাত্রীর জীবনের সত্য কাহিনি অবলম্বনে তৈরি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ছবি ‘দ্য লস্ট সিটি অব জেড’।

বার্লিনের লালগালিচায় ব্যতিক্রমী বেশভূষায় ‘অন্য’ প্যাটিনসনকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ প্রথম সারির ফ্যাশন সাময়িকীগুলোর। ভোগ সাময়িকীর অনলাইন সংস্করণে ছাপা প্রতিবেদনের শিরোনাম ‘ইজ দ্যাট ইউ রবার্ট প্যাটিনসন?’ যার বাংলা মোটামুটি এ রকম—‘এটা কি তুমি, রবার্ট প্যাটিনসন?’
প্যাটিনসন এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই ছবির চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত আর আশাবাদী তিনি।
দেখা যাক, জেমস গ্রে পরিচালিত এই ছবি ‘টোয়াইলাইট’-এর মতো আরেকটা ঝড় তুলতে পারে কি না।