বাড়ি বিক্রি করলেন জুলিয়া


তারকারা পারেনও বটে! যেমন আয় করেন, তেমনি ব্যয়।’ ‘প্রিটি ওম্যান’ জুলিয়া রবার্টস তাঁর এত্তো সুন্দর বাড়িটা বিক্রি করে দিলেন ‘মাত্র’ (!) ১ কোটি ৬২ লাখ মার্কিন ডলারে।
হাওয়াইয়ের হানেলেই উপসাগরের একদম কাছেই বিলাসবহুল এই বাড়িটা জুলিয়া কিনেছিলেন ২০১১ সালে। তখন তিনি বাড়িটা কিনেছিলেন ১ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারে। অস্কারজয়ী তারকা গত বছর থেকেই বাড়িটা বিক্রি করতে চাইছেন। গত বসন্তে তিনি বাড়িটার দাম হেঁকেছিলেন ২ কোটি ৯৮ লাখ ৫ হাজার মার্কিন ডলার। কিন্তু ক্রেতা মেলেনি। তাই ফেব্রুয়ারি, আর তারপর অক্টোবরে দুই দফায় দাম কমিয়ে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার করলেন। শেষমেশ ১ কোটি ৬২ লাখ মার্কিন ডলারে বিক্রি করতে হলো শখের সেই বাড়ি। আগের মতো খুব একটা ব্যবহার করা হচ্ছে না বলেই জুলিয়া ও তাঁর স্বামী ড্যানি মোডার বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেন। এমনটাই জানিয়েছেন হাওয়াই লাইফ রিয়েল এস্টেট ব্রোকারসের প্রতিনিধি নীল নরম্যান।
বাড়ি থেকে প্রায় ২০০ ফুট সামনে গেলেই পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য চোখে পড়ে। ১৯১৭ সালে নির্মিত বাড়িটার মূল অবয়ব আর সৌন্দর্য ঠিক রেখেই সংস্কার করা হয়। পাঁচটি শয়ন কক্ষ এবং অতিথিদের জন্য ছোট দুইটি কামরা আছে এই বাড়িতে।
এ বছরের শুরুর দিকে মালিবুতে নতুন একটা বাড়ি কিনেছেন তিন সন্তানের জননী জুলিয়া। ইয়াহু নিউজ।