বাড়িতেও 'উলভারিন'

‘উলভারিন’ চরিত্রটি করতে চান না বললেই হলো? ‘এক্স ম্যান’ ছবির শেষ কিস্তি ‘লোগান’ করেই হিউ জ্যাকম্যান সাফ ঘোষণা দিয়েছিলেন, আর ‘উলভারিন’ নয়।
কিন্তু দর্শক-ভক্তের হৃদয়ে হিউ জ্যাকম্যানের এই চরিত্রটাই গেঁথে আছে, থাকবে। যেমনটা তিনি নিজেও বদলাতে পারেননি তাঁর পরিবারের ক্ষেত্রে। সন্তানদের জন্য এই চরিত্র থেকে বের হতে পারেননি হিউ। নিজের সিদ্ধান্তে এখানেই যেন হেরে গেলেন সন্তানদের কাছে। আর তাই প্রতি শনিবার রাতে ‘উলভারিন’ বেশে পড়াতে বসেন নিজ সন্তানদের!
হ্যাঁ। ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। অস্কার নামের ১৭ বছর বয়সী এক ছেলে ও এভা নামে ১১ বছর বয়সী একটি মেয়ে আছে হিউর। বাচ্চারা দুষ্টামি বেশি করে বলেই হিউ কিছুটা ভয় দেখাতে তাঁর জনপ্রিয় চরিত্রের বেশে এবং চরিত্রে ঢুকে তাদের শায়েস্তা করেন। এক সাক্ষাৎকারে হিউ বলেন, ‘যখন আমার বাচ্চারা বাড়ির কাজ করে না, তখন আমি সাজি এবং আমার নখরগুলো বের হয়ে আসে। ওই নখরগুলো দিয়েই ভয় দেখাতে হয়, আর এটা কাজে দেয়।’ ‘এক্স ম্যান’ সিরিজের ছবিগুলো যাঁরা দেখেছেন, তাঁদের নিশ্চয়ই মনে আছে মিউট্যান্ট উলভারিনের হাত থেকে স্টিলের নখর বের হয়ে আসার কথাটা?
সূত্র: হিন্দুস্তান টাইমস