
খাওয়ার ফাঁকে খোশগল্পে মজেছেন পেদ্রো আলমোদোভার। চোখে কালো চশমা নেই। পাশে বসা কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমু কিছু একটা বললেন নিচু স্বরে। নিশ্চয়ই খুব মজার কিছু। শুনে হাসিটা আরও বিস্তৃত হলো স্প্যানিশ নির্মাতার। খানিক দূরে ইতালির নির্মাতা পাওলো সরেন্তিনো। চুপচাপ তাকিয়ে আছেন সাগরের দিকে। ঠোঁটে চুরুট। কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। এ কয়দিন যেখানেই দেখেছি খুব লাফঝাঁপ আর হাঁকডাক করছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। কিন্তু আজ খানিক চুপচাপ। পাশে বসা জেসিকা চেস্টেইনকে দেখে মনে হচ্ছে না কানের প্রতিযোগিতা বিভাগের বিচারকাজের মতো কঠিন দায়িত্ব তাঁর কাঁধে।
হাত দুয়েক দূরে দাঁড়িয়ে বিচারকদের খেয়াল করে দেখছি। আহা, যদি জানা যেত কী আছে তাঁদের মনে! একবার যদি শোনা যেত থিয়েরির সঙ্গে কী পরামর্শ চলছে আলমোদোভারের।
গতকাল শুক্রবার কানে সময় তখন বেলা একটার মতো। ঘটনাস্থল শাঁতু মিরাভেল। প্রতিবছর উৎসবের সময়ে পাহাড়ের ঠিক মাথার ওপরে এ দুর্গেই থাকে সাংবাদিকদের আমন্ত্রণ। আমন্ত্রণকর্তা কানের মেয়র স্বয়ং।
মধ্যাহ্নভোজের রেসিপিটাও ধরাবাঁধা। কানের সাগর থেকে ধরা তাজা মাছ, শতভাগ অর্গানিক সবজি, তিন রকমের মিষ্টান্ন। উপরি হিসেবে থাকে মনমাতানো লোকজ বাঁশির সুর। শুভেচ্ছাস্বরূপ সবার হাতে একখানা করে জলপাই তেলের বোতল। এই হচ্ছে মধ্যাহ্নভোজের মূল আকর্ষণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের বিচারকদের শেষবেলায় দেখার সুযোগ থাকে বলে অনেক সাংবাদিকই নিজেদের খাওয়া ফেলে ঘুরঘুর করতে থাকেন বিচারকদের টেবিলের আশপাশে। ভাবখানা এই—আশপাশে গেলেই আঁচ করা যাবে কী আছে বিচারকদের মনে। সারা বিশ্ব এখন তাকিয়ে এবারের জুরি প্রেসিডেন্ট পেদ্রো আলমোদোভার ও তাঁর সঙ্গীদের দিকে। এই মানুষগুলোর সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে কার ঘরে যাবে উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণ পাম।
দেখতে না দেখতে কোন ফাঁকে পেরিয়ে গেছে সময়। আজ ঘোষণা হবে ফিপরেসকিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার। আর আগামীকাল স্বর্ণ পামের দিন। জানা যাবে এবারের কান উৎসব-বিজয়ীদের নাম। লালগালিচা অথবা ছবির প্রচারণা নয়—কানে এখন কে হাসবেন, কে কাঁদবেন—সে ফয়সালার সময়।