বিচ্ছেদের খরচ জোগাতে চিত্রকর্ম বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ

তারকাদের বিয়ে যেমন এক মহা-খরচের ব্যাপার তেমনি তাঁদের বিবাহ-বিচ্ছেদের খরচও কম নয়। সেই খরচ জোগাতে এখন ব্যক্তিগত সংগ্রহের কোটি টাকার চিত্রকর্ম বিক্রি করতে হচ্ছে হলিউড তারকা জনি ডেপকে। ক্রিস্টিস অকশন হাউস জানিয়েছে বিক্রির জন্য বিখ্যাত চিত্রকর জঁ মিশেল বাসকিয়ার একটি চিত্রকর্ম দেয়াল থেকে নামিয়েছেন জনি।
গত পঁচিশ বছরে সংগ্রহ করা প্রায় নয়টি চিত্রকর্ম বিক্রি করবেন এই অভিনেতা। এগুলোর বেশিরভাগই বাসকিয়ার ১৯৮১ সালে আঁকা ছবি। জনির বরাত দিয়ে নিলাম প্রতিষ্ঠানটি জানায়, চিত্রকর্মগুলোর মাধ্যমে বাসকিয়া যে পরম সত্য ও প্রশ্ন উত্থাপন করেছেন, কোনো কিছু দিয়েই সেসবের বিনিময় হয় না। এই শিল্পীর চিত্রকর্মের সৌন্দর্য ও সংগীত, চেতনাস্পর্শী নৈঃশব্দ্যের আগ্রাসন যেন অনন্ত যৌবনা।
গত ২৩ মে বিচ্ছেদের আবেদনসহ যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জনি ডেপের স্ত্রী আম্বার হার্ড। বিয়ের পর ডেপের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার। বিয়ের পর গত পনেরো মাস দুজনের যৌথ আয় মিলিয়েই এই অর্থ। আইনজীবীরা জানিয়েছেন, বিচ্ছেদ-মাশুল ছাড়াও যৌথ আয়ের একটি অংশ পেতে যাচ্ছেন হার্ড। ইন্ডিয়ান এক্সপ্রেস