বিচ্ছেদের পর কথা বললেন জোলি

গত বছর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয় হলিউডের জনপ্রিয় তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের। এ নিয়ে এত দিন মুখ খোলেননি কেউ। তবে কিছুদিন আগে জিকিউ স্টাইল ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছিলেন পিট। এবার জোলিও দিলেন ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে। বিচ্ছেদ নিয়ে কথা বলার পাশাপাশি বলেছেন তাঁর স্বাস্থ্যগত সমস্যা ও সন্তানদের নিয়েও।
বিচ্ছেদের বছরটা খুব সুখের যায়নি এই ‘সল্ট’ তারকার। মুখের কিছু অংশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল জোলির। হাইপারটেনশনেও ভুগেছেন। চিকিৎসা করিয়ে এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ। কিন্তু ভয় পেয়েছিলেন সন্তানদের জন্য। তারা না আবার দুশ্চিন্তায় পড়ে যায়। জোলি বলেন, ‘আমি যখন বেড়ে উঠছিলাম, তখন আমার মায়ের জন্য খুব দুশ্চিন্তা হতো। আমি চাই না আমার সন্তানেরাও আমার জন্য দুশ্চিন্তা করুক।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, তাদের সামনে কান্না করার চেয়ে শাওয়ারের নিচে কান্না করা ভালো। তাদের জানা দরকার, সবকিছু ঠিকঠাক আছে, এ সম্পর্কে আপনি নিজে নিশ্চিত না হলেও।’
সাবেক স্বামী পিটের সঙ্গে শেষ সময়টা ‘খুব কঠিন’ যাচ্ছিল বলে জানান তিনি। তবে তাঁদের জীবনধারায় নেতিবাচক কিছু ছিল না বলেও স্বীকার করেন এবং এসবের কোনো প্রভাব তাঁদের ছয় সন্তানের কারও ওপর পড়েনি। পিটের সঙ্গে সম্পর্কের যাত্রা নিয়ে জোলি বলেন, ‘এটা ছিল অন্যতম চমৎকার সুযোগ, যা আমরা আমাদের সন্তানদের দিতে পেরেছি। তারা ছয়জনই শক্ত মনের, চিন্তাশীল এবং বিশ্বে অনন্য। আমি তাদের নিয়ে খুব গর্বিত।’ নিজ সন্তানদের ‘সাহসী’ বলে দাবি করেন ‘টুম্ব রেইডার’ তারকা। তিনি জানান, তাঁর সন্তানেরা তাঁদের বিবাহবিচ্ছেদের আঘাত থেকে নয়, বরং জীবনের নানা জিনিস থেকে সেরে উঠছে। যা-ই হোক না কেন, পিট ও জোলি দুজনই কিন্তু সন্তানদের ব্যাপারে খুব সতর্ক। এ নিয়ে জোলি বলেন, ‘আমরা একে অপরের প্রতি যত্নশীল এবং আমরা আমাদের পরিবারের প্রতি যত্নশীল। আর আমরা দুজনই একটি লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছি।’
পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আইনিভাবে সন্তানদের দেখাশোনা করার ভার জোলির। ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়ানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে একটি নতুন বাড়িতে উঠেছেন জোলি। নতুন করে জীবন শুরু করতে চান হয়তো।
ও, আরেকটা কথা খুব মজার ছলে বলেছেন তিনি। তাঁর নাকি পাকা চুল গজাচ্ছে! সিএনএন।