বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে প্রথম দেখা

‘ব্রাঞ্জেলিনা’ এখন আর নেই। আলাদা হয়ে তাঁরা এখন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। সেই বিচ্ছেদের প্রভাব পড়েছে এই দম্পতির সন্তানদের ওপরেও। গত ১৯ সেপ্টেম্বরের পর থেকে একবারও সন্তানদের মুখ দেখেননি ব্র্যাড পিট। সম্প্রতি সন্তানদের সঙ্গে দেখা করেছেন তিনি। বিচ্ছেদের পর এবারই প্রথম সন্তানদের সঙ্গে দারুণ খানিকটা সময় কাটালেন অস্কারজয়ী এই অভিনেতা।
সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ কিন্তু ব্র্যাড পিটের ছিল। তবে সেটা একজন থেরাপিস্টের উপস্থিতিতে। এটা ঠিক মেনে নিতে পারেননি তিনি। ব্যাপারটা অপমানজনক মনে হয়েছে তাঁর কাছে। তবু সন্তানদের ছেড়ে থাকেন কী করে? স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, সন্তানদের সঙ্গে তো নয়।
সন্তানদের জন্য যেকোনো কিছু করতে রাজি এই হলিউড তারকা। তিনি বলেছেন, পৃথিবীতে নিজের সন্তানদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই তাদের জন্য যা কিছু করতে হয় সবই করবেন।
‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির বিচ্ছেদের ঘোষণা আসার দিন কয়েক পরেই ব্র্যাডের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তিনি নাকি সন্তানদের সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন। তাতে মাদক পরীক্ষাও দিতে হয়েছে তাঁকে। পরে আদালত রায় দেন, সন্তানদের সঙ্গে ব্র্যাডের প্রথম সাক্ষাৎ হবে একজন থেরাপিস্টের সামনে। এমনকি পরে তিনি সন্তানদের সঙ্গে একাকী সাক্ষাৎ করতে পারবেন কি না, সেটা ঠিক করবেন সেই থেরাপিস্ট। পিপল।