বিচ্ছেদের প্রস্তুতি?

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাই এসেছিলেন ব্র্যাড পিট। লালগালিচায় দেখা যায়নি ভুবনমোহিনী অ্যাঞ্জেলিনা জোলিকে। এমনকি জোলির পরের ছবি কুংফু পান্ডা থ্রির প্রিমিয়ারেও যাননি ব্র্যাড। শুধু বিভিন্ন অনুষ্ঠান থেকে দূরে দূরে থাকাই নয়। ইদানীং প্রায়ই নাকি আলাদা থাকতে শুরু করেছেন দুজন।
গেল বছরের শেষের দিকে শোনা গিয়েছিল নানা গুজব, জল্পনা-কল্পনা—পিট-জোলির সম্পর্কটা হয়তো বিচ্ছেদের দিকেই গড়াচ্ছে।
২০১৬ সালের শুরুটা ভীষণ মন্দ। বছরের শুরু থেকেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একের পর এক তারকা। কিংবা ভাঙছে তারকাদের ঘর। কিন্তু ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ! ভাবা যায় এ কথা!
হলিউডের চলচ্চিত্র কিংবা ব্যক্তিগত জীবনে দুজনে যেন দুজনের জন্যই তৈরি। এমন জুটির বিচ্ছেদ শুধু তাঁদের ভক্ত কেন, বিশ্ববাসীরই হৃদয় ভাঙবে। যদিও এ নিয়ে তাঁদের দুজনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি মেলেনি। তবে দুজনেরই ঘনিষ্ঠজনের বরাত দিয়ে কয়েকটি সূত্র জানিয়েছে, বিচ্ছেদ নিয়ে বেশ কয়েক মাস ধরেই নাকি নিজেদের ভেতর কথা-কাটাকাটি চলছে তাঁদের।
জানা গেছে, জোলির অতীত, যন্ত্রণা-অবসাদ, এসব নিয়েই নাকি মন খারাপ ব্র্যাডের। সম্প্রতি খাওয়াদাওয়ার ক্ষেত্রেও অনিয়ম শুরু করেছেন জোলি। ওজন কমে গেছে বলে তাঁকে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে বলেছেন ব্র্যাড। কিন্তু যেতে রাজি হননি জোলি।
এতে ক্ষুব্ধ হয়ে পিট বলেছেন, ‘বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে যাব। থাকো তুমি একাই।’
গুজবের কোর্টের ঘুঁটি এলোমেলো করে দিয়ে অবশ্য জোলি বলেছেন, ‘পিটের সঙ্গে ঝগড়া করতে আমার ভালো লাগে। এতে সম্পর্ক মজবুত হয়।’
তবে ব্র্যাডকে সময় দিচ্ছেন না জোলি। ছবির কাজ, জাতিসংঘের মানবাধিকার নিয়ে দূতিয়ালি, বাচ্চাদের সময় দেওয়ার পর ব্র্যাডকে দেওয়ার মতো সময়ই থাকছে না তাঁর হাতে। সময় দিতে না পারলে সম্পর্ক টেনে নেওয়া ভীষণ কষ্টকর। ২০০৫ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে কাজ করতে গিয়ে প্রেম হয় তাঁদের। এরপর আনুষ্ঠানিকভাবে তাঁরা বিয়ে করেন ২০১৪ সালে।
ব্র্যাড পিট-জোলি দম্পতি বিভিন্ন দেশ থেকে দত্তক নিয়েছেন ছয়টি সন্তান। তাঁদের নিয়ে ঘুরছেন পৃথিবীর বিভিন্ন দেশে। সম্প্রতি গিয়েছিলেন ছেলে ম্যাডক্সের জন্মভূমি কম্বোডিয়ায়। সেখানে চলছে ফার্স্ট দে কিল্ড মাই ফাদার ছবির কাজ। এর আগে গেল ডিসেম্বরে পিটের প্রস্তাবে ছেলে প্যাক্সের জন্মভূমি ভিয়েতনামে গিয়েছিলেন দ্বিতীয় হানিমুনে। সেখানেও নাকি সারাক্ষণ ঝগড়া করতে দেখা গেছে তাঁদের।
যা হোক, জোলির কথাই সত্যি হোক; এই ঝগড়া আরও মজবুত করুক তাঁদের দুজনের সম্পর্ক। ইনটাচ উইকলি ও অন্যান্য।