বিদায় টুইটার, ফেসবুক!

সামাজিক যোগাযোগের মাধ্যমে আর নয়! ফেসবুক, টুইটার নিয়ে রীতিমতো ‘বীতশ্রদ্ধ’ কমেডিয়ান রাসেল ব্র্যান্ড। এ প্রসঙ্গে রাসেল জানিয়েছেন, সামাজিক যোগযোগে অনেক দিনই তো হলো এবার ভিন্ন কিছু শিখতে চান তিনি। আর তাই ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন রাসেল ব্র্যান্ড। টুইটারে তাঁর ১০.৭ মিলিয়ন অনুসারীকেও বিদায় জানিয়েছেন তিনি।
ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরোপুরি সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকবেন কিনা সে বিষয়ে কিছু স্পষ্ট করে না বললেও রাজনৈতিক সংবাদবিষয়ক যে অনুষ্ঠানটি তিনি করতেন সে অনুষ্ঠানটি নিয়ে তাঁর বক্তব্য হচ্ছে— ‘যত দুর যাওয়া সম্ভব তত দুর’ তিনি গেছেন। এবার খানিকটা এর বাইরে থাকারই চিন্তা করছেন ৪০ বছর বয়সী এই কৌতুক অভিনেতা। ফেসবুক, টুইটারের সক্রিয় থাকার পাশাপাশি ইউটিউবে ‘দ্য ট্রিউজ’ নামের একটি সিরিজের কাজ করছিলেন তিনি।
রাসেল আরও বলেন, ‘আমি আর ট্রিউজ করছি না। টুইটার বা ফেসবুকেও থাকছি না। কিছু শিখতে যাচ্ছি আমি। আমার মনে হয়েছে, সত্যিকারের কিছু পরিবর্তন আসছে আর আমি তার অংশ হতে চাই। এসব ছেড়ে কিছু নিয়ে চিন্তা করতে চাই, কিছু শিখতে চাই। কারণ, এসব চিন্তার মূল্য আছে এবং পরিবর্তন আনার সম্ভাবনা আছে।’