বিপদে বন্ধু 'হ্যারি পটার'

‘হ্যারি পটার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে হয়তো অনেক দর্শকের কাছে নিজের নামটাই ভুলিয়ে দিয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ। কিন্তু তাঁর চেহারা তো আর ভুলবার নয়। রাস্তা-ঘাটে দেখা হয়ে গেলে নিশ্চয়ই চিনে ফেলবেন। যেমনটা চিনে ফেলেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ডেভিড। তাঁর চোখে ধরা পড়ল, একজন বিপদগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিচ্ছেন ‘হ্যারি পটার’ তথা ড্যানিয়েল র্যাডক্লিফ।
১৪ জুলাই লন্ডনের এক রাস্তায় হাঁটছিলেন এক পর্যটক। হঠাৎ করেই ছিনতাইকারীরা ছোঁ মেরে নিয়ে যায় তার ব্যাগ, সেই সঙ্গে ব্যক্তিটিকে মুখে আঘাতও করে যায়। ডেভিডের চোখে ঘটনা ধরা পড়তেই ধাওয়া করেন সেই ছিনতাইকারীদের পেছনে। শেষ পর্যন্ত ছিনতাইকারীদের আটক করার পর ঘটনাস্থলে ফিরে আসেন তিনি। ফিরেই দেখলেন র্যাডক্লিফ আহত পর্যটককে সান্ত্বনা দিচ্ছেন। অবাক ডেভিড জিজ্ঞাসু চোখে বললেন, ‘আপনি ড্যানিয়েল র্যাডক্লিফ।’ উত্তরে ‘পটার’ সম্মতিসূচক উত্তরে বললেন, ‘আমিই’।
এই ঘটনা প্রকাশ করে ডেভিড র্যাডক্লিফের বেশ প্রশংসা করেন। ডেভিড বলেন, ‘তিনি খুব চমৎকার একজন মানুষ। অনেক তারকাই সাহায্যের জন্য রাস্তায় থামতেন না। ক্ষতিগ্রস্ত ব্যক্তি খুব, খুব ভয় পেয়েছিলেন।’
র্যাডক্লিফ অবশ্য প্রথম তারকা নন যিনি রাস্তায় থেমে কাউকে সাহায্য করেছেন। এপ্রিল মাসে লন্ডনে ব্রিটিশ অভিনেতা টম হার্ডি এক ছিনতাইকারীকে পাকড়াও করেছিলেন। ২০১২ সালে মার্কিন অভিনেতা প্যাট্রিক ডেম্পসে তাঁর বাড়ির সামনে, ম্যালিবুর রাস্তা থেকে এক কিশোরকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে বাঁচিয়েছেন।
ইয়াহু সেলিব্রিটি