বিপাকে ব্যবসায়ী জেসিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসিকা অ্যালবা
জেসিকা অ্যালবা

সিন সিটির তারকা যে এমন একটা ‘সিন’, অর্থাৎ পাপ করে বসবেন, তা হয়তো তাঁর ভক্তরা ভাবতেই পারেননি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও এত দিন বেশ কদর ছিল অভিনেত্রী জেসিকা অ্যালবার। কিন্তু এবার এই অভিনেত্রীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাঁর প্রতিষ্ঠানের সানস্ক্রিন ক্রিম মোটেও কাজের নয়। সেই ক্রিম রোদ থেকে সুরক্ষা করে না ব্যবহারকারীদের। এই অভিযোগের কারণে এখন বিপাকেই পড়েছেন অভিনেত্রী অ্যালবা।
শুধু অভিযোগই নয়, ক্ষুব্ধ ভোক্তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁদের রোদে পুড়ে লাল হয়ে যাওয়া ত্বকের ছবিও আপলোড করছেন। অনলাইন রিটেইলার অ্যামাজন ডটকমে এক ব্যবহারকারী লিখেছেন, দোকানের সবচেয়ে কম দামি কিংবা মূল্যহ্রাস করা সানস্ক্রিন পণ্যও নাকি এর থেকে ঢের ভালো!
জেসিকা অ্যালবাও কম যান না। তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রত্যুত্তর দেওয়া হয়েছে। যা-ই হয়েছে, তা শুধু খণ্ডচিত্র বলে দাবি করছে তাঁর প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) থেকে তাদের সানস্ক্রিন ক্রিম পরীক্ষা করিয়ে নিয়েছে। অথচ ভাইরাসের মতো ছড়িয়ে যাওয়া অভিযোগ থেকে এত সহজেই কি আর মুক্তি মেলে? পিটিআই।