বিবাহ-শিক্ষা

এর আগে ম্যাট ডিলন, জেরার লেটো, জাস্টিন টিম্বারলেক কিংবা অ্যালেক্স রদ্রিগেজের মতো তারকাদের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ক্যামেরন ডিয়াজ। কিন্তু বিয়ের ব্যাপারে কোনো সময়ই আগ্রহ ছিল না তাঁর। অবশেষে করব না করব না করেও ৪২ বছর পেরিয়ে এসে প্রথম বিয়ে করেছেন ক্যামেরন ডিয়াজ। এখন বিয়ের এক বছর পেরিয়ে গিয়ে মনে হচ্ছে, বিয়ের স্বাদটা আসলে মন্দ নয়!
ডিয়াজ গত বছরের জানুয়ারিতে বেনজি ম্যাডেনকে বিয়ে করেন অনেকটা হুট করেই। সাত মাসের পরিচয়, ১৭ দিনের বাগদান! তো কেমন কাটছে তাঁর দিনকাল?
বিয়েটা যেন তাঁর কাছে একধরনের শিক্ষার মতো। অনেক কিছুই শিখছেন। নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। ডিয়াজ বলেছেন, ‘আমি নিজের সেই সত্তাটাকে আবিষ্কার করেছি, যেটার খোঁজ আমি জানতামই না। অনুভব করছি নিজের ভেতরে কিছু যেন একটা তৈরি হচ্ছে। প্রথম বছরে আমরা নিজেদের সম্পর্কেই অনেক কিছু শিখেছি। একে অন্যের প্রতি দায়বদ্ধ থাকা, যেটা আসলে সব সম্পর্কেরই ভিত। ভাবিনি এতটা অন্য রকম হবে, তবে এখন বুঝছি। তবে আমি কিন্তু কিছুর শূন্যতাও টের পাচ্ছি।’
সেটি অবশ্য কী, তা খোলাসা করেননি ডিয়াজ। হলিউড রিপোর্টার।