বিমান দুর্ঘটনায় আহত হ্যারিসন ফোর্ড

বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন বর্ষীয়ান হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। গতকাল বৃহস্পতিবার ছোট একটি বিমানে করে যাওয়ার সময় এটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সঙ্গে সঙ্গে বিমানটিকে কাছের একটি গলফ মাঠে জরুরি অবতরণ করানো হয়। এ সময় ফোর্ডের শরীরের কয়েক জায়গায় আঘাত পান। তবে তাঁর জীবন নিয়ে আশঙ্কা নেই। লস অ্যাঞ্জেলেসে এ ঘটনা ঘটে।
টিএমজি সেলিব্রিটি ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, দুই আসনের ওই বিমানটি জরুরি অবতরণ করার সময় মাথা ও শরীরের অন্যান্য স্থানে আঘাত পান ফোর্ড। তাঁর নাক ফেটে যায়।
দুর্ঘটনার ব্যাপারে লস অ্যাঞ্জেলেসের একটি দমকল বিভাগ শুরুতে জানায়, ওই বিমান দুর্ঘটনা চালক গুরুতর আহত হয়েছে। ওই সময় তারা হ্যারিসন ফোর্ডকে শনাক্ত করতে পারেনি। পরে জানানো হয়, আঘাত অতটা গুরুতর নয়।
৭২ বছর বয়সী হ্যারিসন ফোর্ড ‘ইন্ডিয়ানা জোনস’, ‘স্টার ওয়ারস’—এসব ছবিতে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন।