বিয়াল্লিশে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজি ম্যাডেনের সঙ্গে ক্যামেরন ডিয়াজ
বেনজি ম্যাডেনের সঙ্গে ক্যামেরন ডিয়াজ

৪২ বছর বয়সে এসে অবশেষে বিয়ে করে থিতু হলেন ‘চার্লিস অ্যাঞ্জেলস’ তারকা ক্যামেরন ডিয়াজ। জীবনে কখনোই বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করেননি বলেই জানিয়েছিলেন ডিয়াজ। কিন্তু শেষ পর্যন্ত কথা-কাজে মিল রাখতে পারলেন না। আট মাস চুটিয়ে প্রেম করার পর গতকাল সোমবার সন্ধ্যায় মার্কিন রক গায়ক ও গিটারবাদক বেনজি ম্যাডেনকে বিয়ে করেছেন ডিয়াজ। ডিয়াজের চেয়ে বয়সে সাত বছরের ছোট ম্যাডেন। 

ডিয়াজ ও ম্যাডেনের বিয়ের খবর নিশ্চিত করে তাঁদের মুখপাত্ররা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের পর্ব সেরেছেন ডিয়াজ ও ম্যাডেন। বিয়েতে আমন্ত্রিত তারকা অতিথিদের মধ্যে ছিলেন ড্রিউ ব্যারিমোর, গিনেথ প‌্যাল্ট্রো ও রিজ উইদারস্পুন। 

বিয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডিয়াজ বলেন, ‘সবচেয়ে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে একসঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু করতে পেরে আমরা দুজনই অনেক খুশি।’ এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের টেলিগ্রাফ ডটকম।

ডিয়াজের প্রেমিকের তালিকাটা বেশ দীর্ঘই বলা যায়। তাঁর সাবেক প্রেমিকদের মধ্যে আছেন ভিডিও প্রযোজক কার্লোস ডে লা টোর, অভিনেতা ম্যাট ডিলন, অভিনেতা-গায়ক জেয়ার্ড লেটো, গায়ক-অভিনেতা জাস্টিন টিম্বারলেক ও বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগজ। তবে শেষ পর্যন্ত গায়ক-গিটারবাদক বেনজি ম্যাডেনকেই আজীবনের সঙ্গী হিসেবে বেছে নিলেন ডিয়াজ। অন্যদিকে, ডিয়াজের আগে মার্কিন গায়িকা, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটনের সঙ্গে প্রেম ছিল ম্যাডেনের।