বিয়ের ছবির ৫০ লাখ ডলার দান করলেন পিট-জোলি

ফ্রান্সের শ্যাতো মিরাভেলের একটি গির্জায় গত ২৩ আগস্ট অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ নয় বছরের সঙ্গী ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। পরে হলিউডের বহুল আলোচিত এ তারকা দম্পতির বিয়ের ছবি প্রকাশ করে হ্যালো ও পিপল ম্যাগাজিন। বিয়ের ছবির বিনিময়ে ২৫ লাখ ডলার করে মোট ৫০ লাখ ডলার আয় করেন পিট-জোলি। সম্প্রতি এক খবরে রাডার অনলাইন জানিয়েছে, বিয়ের ছবি থেকে আয়ের পুরো অর্থই দান করে দিয়েছেন পিট ও জোলি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পিট-জোলির প্রকাশিত ছবির মধ্যে নবদম্পতির ছবির পাশাপাশি তাঁদের ছয় সন্তানের ছবিও আছে। হ্যালো ও পিপল ম্যাগাজিনের কাছে বিয়ের ছবি বিক্রি করে ৫০ লাখ ডলার আয় করেন পিট ও জোলি।
সূত্রটি আরও জানিয়েছে, বিয়ের ছবি বিক্রি থেকে আয়ের পুরো অর্থই তাঁরা দান করে দিয়েছেন ম্যাডক্স জোলি পিট ফাউন্ডেশনে। কম্বোডিয়া থেকে বড় ছেলে ম্যাডক্সকে দত্তক নেওয়ার পর ২০০৩ সালে ম্যাডক্স জোলি পিট ফাউন্ডেশন গড়েছিলেন জোলি।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বয়স এখন ৫০ ও ৩৯। হলিউডের অন্যতম আলোচিত এই জুটি বছরের পর বছর ধরে এক সঙ্গেই ছিলেন। ২০১২ সালের এপ্রিলে তাঁদের বাগদান হয়। সন্তান রয়েছে ছয়টি; এর মধ্যে তিনটি নিজেদের, অন্য তিনটি দত্তক নেওয়া।
ছোটখাটো এক অনুষ্ঠানের মাধ্যমে গত ২৩ আগস্ট বিয়ের কাজটা সারেন পিট-জোলি। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুরা। বিয়ের সনদ তাঁরা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন বিচারকের কাছ থেকে। তিনি বিয়ে উপলক্ষেই ফ্রান্সে গিয়েছিলেন।
পিট ও জোলি দুজনই এর আগে বিয়ে করেছিলেন। জেনিফার অ্যানিস্টন ছিলেন পিটের প্রথম স্ত্রী। অন্যদিকে জোলির সাবেক দুই স্বামী হচ্ছেন অভিনেতা জনি লি মিলার ও বিলি বব থর্নটন।