বিয়ের পর্ব সারলেন ক্লুনি

কথা রাখতে পারলেন না অস্কারজয়ী হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি। ১৯৯৩ সালে অভিনেত্রী টালিয়া বলসমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আর কখনোই বিয়ের পথ মাড়াবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন ক্লুনি। কিন্তু সে প্রতিজ্ঞা ভেঙে ঘর গড়ার স্বপ্নে গতকাল শনিবার প্রেমিকা অমল আলামুদ্দিনকে বিয়ে করেছেন ৫৩ বছর বয়সী এ তারকা অভিনেতা।
কথা ছিল আগামীকাল সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন জর্জ ক্লুনি ও ব্রিটিশ আইনজীবী অমল আলামুদ্দিন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই গতকাল শনিবার সন্ধ্যায় বিয়ের পর্ব সেরেছেন এই প্রেমিক যুগল। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ক্লুনির মুখপাত্র স্ট্যান রোজেনফিল্ড এক বিবৃতিতে জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন জর্জ ক্লুনি ও অমল আলামুদ্দিন।
ক্লুনির তারা ঝলমলে বিয়েতে হাজির হন একাধিক রথী-মহারথী। তাঁদের মধ্যে ছিলেন আইরিশ রক ব্যান্ডদল ইউটুর গায়ক বোনো, মার্কিন অভিনেতা ম্যাট ডেমন, বিল মারে, মার্কিন মডেল সিন্ডি ক্রফোর্ড ও তাঁর স্বামী মডেল, ব্যবসায়ী র্যান্ডে গার্বার, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট প্রমুখ। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের আমান ক্যানেল গ্র্যান্ড ভেনিস সাত-তারকা হোটেলে নৈশভোজে অংশ নেন বিয়েতে আমন্ত্রিত অতিথিরা। ওয়াটার ট্যাক্সিতে চেপে সেখানে পৌঁছান জর্জ ক্লুনি।
বিয়েতে চমৎকার আরমানি টুক্সেডো পরেন ক্লুনি। আর অমলের পরনে ছিল বিয়ের গাউন। অমলের গাউনটির ডিজাইন করেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার অস্কার ডে লা রেন্টা। অবশ্য বিয়ের অনুষ্ঠান চলাকালে মিডিয়ার সামনে আসেননি ৩৬ বছর বয়সী অমল।
গত বছরের অক্টোবরে অমল ও ক্লুনির প্রেমের খবর প্রথম চাউর হয়। পরবর্তী সময়ে নিউইয়র্ক, তানজানিয়া ও সিসিলি দ্বীপপুঞ্জে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। চলতি বছরের ২৮ এপ্রিল বাগদান সম্পন্ন করেন ক্লুনি ও অমল।