বিলির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে রেকর্ড গড়তে চলেছেন মার্কিন গায়িকা বিলি আইলিশ
সংগৃহীত

১৯ বছরের ছোট জীবনে অনেক রেকর্ডই গড়েছেন বিলি আইলিশ। গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে আরেকটি রেকর্ড গড়তে চলেছেন এই মার্কিন গায়িকা। ২০২২ সালে লন্ডনের সমারসেটে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী এই সংগীত উৎসবের মূল মঞ্চে গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। আর ২০২২ সালের ২৪ জুন ঘটনাটি যদি সত্যি সত্যিই ঘটে, তাহলে আইলিশই হবেন উৎসবের মূল মঞ্চে পরিবেশন করা কনিষ্ঠতম একক পারফরমার।

ইনস্টাগ্রামে আগেই হুডি পরা ছবি পোস্ট করে উৎসবে যোগ দেওয়ার ইঙ্গিত করেছিলেন বিলি। ছবির ওপর লেখা ছিল ২০২২। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। আয়োজক এমিলি এভিস নিশ্চিত করেছেন বিলির পারফরম্যান্সের কথা। তিনি আরও জানিয়েছেন, ২০ বছর বয়সী এই তারকা হতে পারেন উৎসব ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ একক পারফরমার। উল্লেখ্য, আগামী বছরের জুনে বিলির বয়স হবে ২০ বছর ৬ মাস। এখন পর্যন্ত উৎসবের সবচেয়ে কনিষ্ঠ পারফরমার নর্দান আইরিশ ব্যান্ড ‘অ্যাশে’র মার্ক হ্যামিল্টন। ১৯৯৭ সালের গ্লাস্টনবেরিতে গেয়েছিলেন হ্যামিল্টন। বিলি যখন পারফরম করবেন, তাঁর সঙ্গে হ্যামিল্টনের বয়সের পার্থক্য থাকবে তিন মাস।

২০ বছর বয়সী এই তারকা হতে পারেন উৎসব ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ একক পারফরমার।
ইনস্টাগ্রাম

করোনার কারণে পরপর দুই বছর বাতিল হয়ে যায় গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল। যদিও এ বছর ভার্চ্যুয়াল ইভেন্টের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। ২০১৯ সালে প্রথম গ্লাস্টনবেরিতে গেয়েছিলেন বিলি আইলিশ, তবে মূল মঞ্চে নয়। সে সময় তাঁর পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয় সমালোচকদের কাছে। সেই উৎসবে স্টেলা ম্যাককার্টনির পোশাক পরেছিলেন বিলি। মাতিয়ে রেখেছিলেন মঞ্চ। দর্শকেরা ‘ব্যাড গাই’, ‘অল দ্য গুড গার্লস গো টু হেল’ ও ‘ইউ শুড সি মি ইন আ ক্রাউন’ গানগুলোতে তাঁর সঙ্গে গলা ফাটিয়ে গাইছিলেন।

২০১৯ সালে প্রথম গ্লাস্টনবেরিতে গেয়েছিলেন বিলি আইলিশ, তবে মূল মঞ্চে নয়।
ছবি: ইনস্টাগ্রাম

শুধু এখানেই নয়, ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম ছবি নো টাইম টু ডাই-এর থিম সং করে আরেকটি রেকর্ড করেছেন তিনি। ‘জেমস বন্ড’-এর থিম সং করা শিল্পীদের মধ্যে তিনিই এখন সবচেয়ে কনিষ্ঠ।

বিলি আইলিশ
ইনস্টাগ্রাম