বিশ্বজুড়ে ব্র্যাঞ্জেলিনার যত বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের আলোচিত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সংসার ভাঙার খবর গতকালই মাত্র গণমাধ্যমে এসেছে। বলা হচ্ছে, তাঁদের এই বিচ্ছেদটি হবে হলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ। কারণ, ব্র্যাঞ্জেলিনা দম্পতি একসঙ্গে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদের মালিক।
এই জুটির ঘর ভাঙার খবর নিয়ে সারা বিশ্বের গণমাধ্যমে যখন তোলপাড় শুরু হয়েছে, তখন পিপল ম্যাগাজিন এই জুটির যত বাড়ি আছে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
১. ফ্রান্সের গ্রাম কোরেনে ১ হাজার ২০০ একর জমির ওপর তৈরি এই বাড়িতেই বিয়ে হয়েছিল ব্র্যাঞ্জেলিনা জুটির। তাঁরা এই বাড়িটি কিনেছিলেন ২০০৮ সালে। এই বাড়িতে মোট ঘরের সংখ্যা ৩৫। সেখানে একটি রেকর্ডিং স্টুডিও আছে। পাইন বন, আঙুরখেত, জলপাই-বাগান বেষ্টিত এই বাড়িটি ১৭ শতকের নকশায় তৈরি।
২. সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার দিয়ে একটি ঐতিহাসিক বাড়ি কিনেছিলেন ব্র্যাড আর জোলি। এই বাড়িতে আছে পাঁচটি শয়নকক্ষ, চারটি স্নানঘর। সঙ্গে অতিথিদের জন্য আছে একটি আলাদা ভবন। এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল ১৮৩০ সালে।

৩. লস অ্যাঞ্জেলেসের এই বাড়িটি ব্র্যাড পিট কিনেছিলেন ১৯৯৪ সালে। তখন অ্যাঞ্জেলিনা জোলি তাঁর জীবনে আসেনি। এমনকি জেনিফার অ্যানিস্টোনের সঙ্গেও তখন বিয়ে হয়নি তাঁর। ৫ হাজার ৩০০ বর্গফুটের মূল বাংলোর সঙ্গে বেশ কয়েকটি আলাদা ভবনও যুক্ত রয়েছে। পরে সেখানে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি তাঁদের ছয় সন্তানের জন্য একটি সুইমিং পুল তৈরি করিয়ে নেন।
৪. নিউইয়র্কের বিলাসবহুল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল-সংলগ্ন ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কেনেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাপার্টমেন্টটি তাঁরা কিনেছিলেন ২০০৭ সালে।
৫. জেনিফারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে ব্র্যাড যখন জোলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তখনই ম্যালিবুর এই বাড়িটি কেনেন। ৮৪ লাখ মার্কিন ডলার দিয়ে কেনা এই বাড়ির নকশা ব্র্যাডের অন্য সব বাড়ির তুলনায় বেশ আধুনিক। অবশ্য পরে ব্র্যাড অ্যালেন ডি’জেনেরাসের কাছে ১ কোটি ২০ লাখ ডলারে এই বাড়িটি বিক্রি করে দেন। তাঁরাও আবার এই বাড়ি কেনার মাত্র সাত মাস পরই তা বিক্রি করে দিয়েছেন। পিপলস।