বিষাদে 'গেম অব থ্রোনস'-এর সারসেই

সারসেই যতই দুষ্ট চরিত্রের হোক না কেন, নিজের সন্তানদের প্রতি ভালোবাসা কী পরিমাণ, সেটার প্রমাণ ‘গেম অব থ্রোনস’-এর ভক্তরা সহজেই পেয়ে গেছেন। সব কঠিন লড়াই আর কঠোর ব্যবহার দিয়ে শক্ত চরিত্র হিসেবে ‘বদনাম’ আছে তাঁর। আর এই সারসেই অর্থাৎ লিনা হিডি কিনা সন্তান জন্মের পর বিষাদে ভুগছিলেন।
আগামী সপ্তাহ থেকে শুরু হবে বিখ্যাত মার্কিন টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সপ্তম মৌসুমের সম্প্রচার। মূলত এ মৌসুমের প্রচারণার জন্যই সম্প্রতি সাক্ষাৎকার দেন দ্য এডিট ম্যাগাজিনকে। সেই সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন ২০১০ সালে ছেলেকে জন্ম দেওয়ার পর ‘পোস্টপারটাম ডিপ্রেশন’-এ ভুগছিলেন লিনা। আর সে অবস্থা নিয়েই শুটিং শুরু করেছিলেন প্রথম মৌসুমের। সন্তান জন্মদানের পরপর অনেকেরই এ রোগ হয়ে থাকে। চিকিৎসক যখন লিনাকে জানান, মা হওয়ার পর তাঁকে বিষাদে ধরেছে, তখন আরও ভেঙে পড়েছিলেন তিনি। অবাক লিনার অভিব্যক্তি ছিল শুধু এটুকুই, ‘আমি? কেন?’ তবু নিজেকে সামলে নিয়ে শুটিংয়ে মন দিয়েছেন লিনা। যদিও তাঁর মতে সেই অভিজ্ঞতা ছিল ‘সত্যিই ভয়ংকর’।
লিনা এতটাই আবেগপ্রবণ যে গত মৌসুমে হোডর চরিত্রটি মারা যাওয়ায় কেঁদেছিলেন তিনি। তা-ও সেটা দৃশ্য সম্পাদনার সময়। কাঁদতে দেখে টেকনিশিয়ান তাঁকে জিজ্ঞেস করেছিলেন তাঁর কী হয়েছে। লিনা চোখ মুছতে মুছতে বলেছেন, ‘আমি জানতাম না। আমি জানতাম না সে মারা যাবে।’