বিড়ালের শোকে হ্যালি বেরি

শুধু হ্যালি বেরি নন, তাঁর পুরো পরিবারই তাঁদের পোষা বিড়ালের শোকে কাতর। মস্তিষ্কের ক্যানসারে মারা গেছে হলিউড তারকা হ্যালি বেরির বিড়াল। নাম ছিল তাঁর প্লেডো। ১৬ বছর ধরে হ্যালির সঙ্গী প্লেডো প্রিয় ছিল বন্ড কন্যার বাচ্চাদের কাছেও।
ইনস্টাগ্রামে প্লেডোর সঙ্গে হ্যালি ও তাঁর ছেলের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘গতকাল মস্তিষ্কের ক্যানসারে মারা যাওয়া আমাদের প্রিয় প্লেডোকে বিদায় দিয়ে আমার হৃদয় ভেঙে গিয়েছে। এই ছোট্ট সদস্যটি ১৬ বছর ধরে আমাদের জীবনকে আলোকিত করছিল আর প্রতিদিন খুশি বয়ে আনছিল। ওর মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য খুব কঠিন। বিশেষ করে আমার সন্তানদের জন্য। ও ছিল আমাদের জীবনে অপরিহার্য।’
‘জেমস বন্ড’ তারকা আরও লেখেন তাঁর ছোট সন্তান, ৩ বছর বয়সী ছেলে মেসিওর সঙ্গে সবচেয়ে বেশি ভাব ছিল প্লেডোর। একসঙ্গে সকালের নাশতা করত ওরা। মেঝেতে পাশাপাশি হাঁটত ছোট ছোট পায়ে। স্মৃতিগুলো এখন ভর করে আছে হ্যালির ওপর। হ্যালি লিখেছেন, ‘গতকাল প্লেডো আমাদের সবাইকে মনে করিয়ে দিল যে, কখনো কাউকে ভালো না বাসার চেয়ে কাউকে ভালোবেসে হারিয়ে ফেলাও ভালো। আমাদের খুব মনে পড়বে ওকে।’ ইয়াহু সেলিব্রিটি।