বিয়ন্সে কাকে অনুসরণ করতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টাগ্রামে পপ তারকা বিয়ন্সেকে অনুসরণ করেন ২১ কোটি ৭০ লাখ ভক্ত। বিপরীতে এত দিন পর্যন্ত কাউকেই অনুসরণ করেননি এই পপ তারকা। সুখের কথা, চলতি বছরের ৩ নভেম্বর থেকে অনুসরণ করার মতো একজনকে পেয়েছিলেন তিনি।

বিয়ন্সে
ছবি: ইনস্টাগ্রাম

কিন্তু দুঃখের কথা কী বলব, যাঁকে অনুসরণ করা শুরু করেছিলেন বিয়ন্সে, এক দিনের ব্যবধানে সেই ভদ্রলোক নিজেই তাঁর অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন! ফলে বিয়ন্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসরণ করা তারকার তালিকায় আবার ফিরে এসেছে ‘শূন্য’! তা কে সেই সৌভাগ্যবান, যাঁকে অনুসরণ করেন বিয়ন্সে? মানুষটা আর কেউ নন, পপ তারকার স্বামী র‍্যাপার জেজি।

বিয়ন্সে
ছবি: ইনস্টাগ্রাম

হয়েছে কি, বিয়ন্সে যেমন ইনস্টাগ্রামে মহা সক্রিয়, জেজি ঠিক তাঁর বিপরীত। বিয়ন্সে ইনস্টাগ্রামে এযাবৎ দিয়েছেন ২ হাজার ৭টি পোস্ট। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁর আয়ও ঢের। আগেই বলেছি, ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ২১ কোটি ৭০ লাখ ভক্ত। অন্যদিকে ইনস্টাগ্রামের ধারকাছ দিয়েও হাঁটেন না জেজি। সে মানুষই ৩ নভেম্বর হুট করে ইনস্টাগ্রামে হাজির। অমনি ভক্তরাও ঝাঁপিয়ে পড়লেন। এক দিনেই গুনে গুনে তাঁর ২০ লাখের বেশি অনুসরণকারী জুটে যায়। এসব অনুসরণকারীর মধ্যে তাঁর স্ত্রী বিয়ন্সেও ছিলেন।

বিয়ন্সে
ছবি: ইনস্টাগ্রাম

এক দিন পেরোতেই ৪ নভেম্বর সকাল থেকে সেই অ্যাকাউন্ট গায়েব! এত দিন গরহাজির থাকার পর কেনই–বা এলেন, আর এলেনই যদি তাহলে এক দিনের মধ্যে চলেই–বা গেলেন, কিছুই জানা গেল না। মাঝখান থেকে ইনস্টাগ্রামের পৃথিবীতে অনুসরণ করার মতো একজনকে পেয়েছিলেন বিয়ন্সে। তা–ও আবার হারালেন তিনি!
স্বামী জেজি যখন অ্যাকাউন্ট খোলেন, তখন থেকেই তাঁকে অনুসরণ করেছিলেন বিয়ন্সে। জেজিও বিয়ন্সেকে অনুসরণ করেছিলেন। তবে ওই এক দিনের জন্য। এ এক ঘটনা বটে! প্রথমবারের মতো কাউকে অনুসরণ করেছিলেন বিয়ন্সে। কিন্তু জেজির অ্যাকাউন্ট মুছে যাওয়ার মাধ্যমে বিয়ন্সের শেষ অনুসরণ করা ব্যক্তিও হয়ে গেলেন জেজি।