বিয়ে করছেন টম ক্রুজ!

‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজের সাবেক স্ত্রীর খাতায় নাম লিখিয়েছেন তিন অভিনেত্রী— মিমি রজার্স, নিকোল কিডম্যান ও কেটি হোমস। এবার শোনা যাচ্ছে, চতুর্থবারের মতো বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ৫৩ বছর বয়সী এ তারকা অভিনেতা। পাত্রী তাঁর ব্যক্তিগত সহকারী এমিলি থমাস। যুক্তরাজ্যের নাগরিক থমাস বয়সে ক্রুজের চেয়ে ৩১ বছরের ছোট।
ক্রুজের সঙ্গে থমাসের প্রেমের গুঞ্জন চলছে গত বছরের শেষদিক থেকে। গত বছর ‘মিশন ইম্পসিবল: রোগ ন্যাশন’ ছবির সেটে ক্রুজের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন ২২ বছর বয়সী থমাস। ক্রুজের সাবেক স্ত্রী কেটি হোমসের সঙ্গে থমাসের চেহারার অদ্ভুত মিল রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, থমাসকে দেখার পর থেকেই নাকি তাঁর প্রতি দুর্বল হয়ে পড়েন ক্রুজ। অবশ্য এখন পর্যন্ত প্রেমের ঘোষণা দেয়নি এ জুটি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে স্টার ম্যাগাজিন।
টম ক্রুজ প্রথম বিয়ে করেন অভিনেত্রী মিমি রজার্সকে, ১৯৮৭ সালে। কিন্তু টেকেনি সেই বিয়ে। ১৯৯০ সালে দ্বিতীয় বিয়ে করেন ক্রুজ। তাঁর দ্বিতীয় স্ত্রী অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান। কিডম্যানের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ। বিয়ের ছয় বছরের মাথায় কেটি হোমসের সঙ্গেও ক্রুজের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের একমাত্র মেয়ে সুরি ক্রুজ এখন মায়ের কাছেই থাকছে।