বিয়ে করলেন পিট ও জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি

বছরের পর বছর ধরেই জল্পনা-কল্পনা চলছিল। তবে তার ইতি ঘটিয়ে দিলেন এবার। জানিয়ে দিলেন, তাঁরা এখন বিবাহিত। তাঁরা আর কেউ নন, ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি।
পিট ও জোলির বয়স এখন যথাক্রমে ৫০ ও ৩৯। হলিউডের অন্যতম আলোচিত এই জুটি এত দিন বিয়ে না করলেও একসঙ্গেই ছিলেন। ২০১২ সালের এপ্রিলে বাগদান হয় তাঁদের। সন্তান রয়েছে ছয়টি; এর মধ্যে তিনটি নিজেদের, অন্য তিনটি দত্তক নেওয়া।
এই দম্পতির একজন মুখপাত্র জানান, গত শনিবার ফ্রান্সের শাতো মিরাভালের একটি চ্যাপেলে ছোটখাটো এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কাজটা সেরে নিয়েছেন তাঁরা। ২০০৮ সাল থেকেই শাতো মিরাভালকে নিজেদের দ্বিতীয় বাড়ি হিসেবে ব্যবহার করছেন এই দম্পতি। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুরা। নিজেদের ছয় সন্তান তো ছিলই। বিয়ের সনদটা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন বিচারকের কাছ থেকে। তিনি বিয়ে উপলক্ষেই ফ্রান্সে গিয়েছিলেন।
পিট ও জোলি দুজনই এর আগে বিয়ে করেছিলেন। জেনিফার অ্যানিস্টন ছিলেন পিটের প্রথম স্ত্রী। অন্যদিকে জোলির সাবেক দুই স্বামী হচ্ছেন অভিনেতা জনি লি মিলার ও বিলি বব থর্নটন।
টাইমস অব মাল্টা পত্রিকার খবরে বলা হয়েছে, পিট-জোলি দম্পতি বাই দ্য সি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য এখন মাল্টায় রয়েছেন। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ-এর পর এটাই তাঁদের একসঙ্গে করা প্রথম চলচ্চিত্র। বিবিসি।