বিয়ে করলেন ব্রাঞ্জেলিনা

দীর্ঘ দিন একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ের গাঁটছড়া বাঁধলেন হলিউডের জনপ্রিয় জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। খবর এএফপির।
আজ বৃহস্পতিবার এএফপির ওই খবরে বলা হয়, ৫০ বছর বয়সী ব্রাড পিট ও ৩৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের আনুষ্ঠানিকতা গত শনিবার ফ্রান্সে সম্পন্ন হয়। তবে জাঁকজমকপূর্ণভাবে নয়, ফ্রান্সের চাতিউ মিরাভাল গ্রামে একদম ঘরোয়া পরিসরে বিয়ের পর্ব সারেন এই জুটি। এই গ্রামেরই একটি বাড়িতে তাঁরা দীর্ঘদিন এক সঙ্গে থেকেছেন।
বিয়ের অনুষ্ঠানে ব্রাঞ্জেলিনার ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স (১৩) ও প্যাক্স (১০) মায়ের সঙ্গে হেঁটেছে। এ সময় দুই মেয়ে জাহারা (৯) ও ভিভিয়েনা (৬) মায়ের হাঁটার পথে ফুট ছিটিয়ে দেয়। আর আংটি পরাতে সহায়তা করেছে শিলোহ ও নক্স।
এর আগে ক্যালিফোর্নিয়ার এক বিচারকের কাছ থেকে বিয়ের নিবন্ধন করে নেন এই জুটি। ওই বিচারকই বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন দুই তারকা। এরপর থেকে তাঁরা একসঙ্গেই থাকতেন।
অস্কারজয়ী তারকা অ্যাঞ্জেলিনা জোলি এর আগে অভিনেতা জনি লী মিলার ও বব থর্টনকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এটি তাঁর তৃতীয় বিয়ে। আর ব্রাড পিটের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনকে বিয়ে করেছিলেন।
বর্তমানে ‘বাই দ্য সি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন ব্রাড ও জোলি। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা।