বিয়ে হচ্ছে না বসন্তে

কোটি তরুণীর হৃৎস্পন্দন যেন আর একটু হলেই থেমে যেত। কারণ, দিন কয়েক আগে গুজব রটে, অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও বিয়ে করছেন। আগামী বসন্তেই নাকি ঘরোয়া আয়োজনে প্রেমিকা সুপারমডেল নিনা এয়াদেলকে বিয়ে করবেন তিনি। কিন্তু গতকাল সেই খবরটি গুজব বলে উড়িয়ে দেয় গসিপ কপ নামের এক ওয়েবসাইট।
গসিপ কপ লিওনার্দোর এক ঘনিষ্ঠ বন্ধুর উদ্ধৃতি তুলে ধরে তাদের প্রতিবেদনে লেখে, শিগগিরই লিও বিয়ে করছেন না। আপাতত তিনি তাঁর নতুন তথ্যচিত্র বিফোর দ্য ফ্লাড নিয়ে ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকের এই তথ্যচিত্রের ট্রেলার।
কিছুদিন আগে লাইফ অ্যান্ড স্টাইল নামের একটি সাময়িকী প্রকাশ করে লিওনার্দো ডি’ক্যাপ্রিও ও নিনা এয়াদেলের বিয়ের খবর। তারা লেখে, বিয়ের জন্য বর-কনে দুজনই বেছে নিয়েছেন বসন্তের একটি দিন। সাময়িকীটি এ-ও প্রকাশ করে, লিও তাঁর বিয়েকে পরিবেশবান্ধব করার জন্য নানা ধরনের অভিনব পরিকল্পনা করছেন। আর নিনা বিয়ের যাবতীয় আয়োজনে সঙ্গ দিচ্ছেন লিওকে। তাঁরা কোনো বাগ্দানের অনুষ্ঠান করবেন না, সরাসরি বিয়ে হবে। এসব শুনে যখন লিওনার্দোর নারী ভক্তদের চোখ ছলছল অবস্থা, তখনই বেরোল আসল খবর। বিয়ের খবর পণ্ড হয়ে গেল, হাসি ফুটল সব নারী ভক্তের মুখে! এসশোবিজ।