বিয়ের পিঁড়িতে মিরান্ডা ও স্পিগেল

২০১৪ সালের কথা। অস্ট্রেলীয় মডেল মিরান্ডা কের নতুন করে জড়িয়ে যান প্রেমে। তবে এবার কোনো মডেল, অভিনেতা কিংবা গ্ল্যামার জগতের মানুষের সঙ্গে নয়, বন্দী হলেন এক করপোরেট মোগলের বাহুডোরে। সেই মানুষটি স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পিগেল।
২০১৫ সালের জুনে দুজনকে একসঙ্গে দেখা যায় লস অ্যাঞ্জেলেসে। পরের বছর ২০১৬ সালে বাগদানের খবর আসে। খবরটি ছড়িয়ে পড়েছিল স্পিগেলেরই অ্যাপ স্ন্যাপচ্যাটের মাধ্যমেই। মিরান্ডাও তাঁর চমৎকার হীরার আংটিটি সবাইকে দেখিয়েছিলেন সেই অ্যাপে। এবার দুজনে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন। স্পিগেলের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ছিল এই আয়োজন। সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গত শনিবার একদম ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয় বিয়ের আসরটি। এই আসরে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন এবং কাছের বন্ধুরা। সব মিলিয়ে মোট ৪০ জন হবে। একটি সূত্র জানায়, ছোট হলেও আয়োজন ছিল অনেক বড়। ঘরোয়া হলেও ছিল খুবই উপভোগ্য ও উৎকৃষ্ট। আয়োজনের সবকিছুতেই মিরান্ডা ছিলেন মধ্যমণি। বিয়ের আনুষ্ঠানিকতা ছিল মাত্র ২০ মিনিটের। সংবর্ধনা আয়োজনে গান করেন জ্যাসন মিরাজ ও কোলবি ক্যাইলা। উপস্থিত ছিল মিরান্ডার আগের সংসারের ছেলে ফ্লিন। ফ্লিনকে তার ‘নতুন’ বাবা উপহার দেন এক ঝুড়ি আইসক্রিম। অনুষ্ঠানে ফ্লিনের নাচই বলে দিয়েছিল, সেও বেশ আনন্দিত।
মিরান্ডা এর আগে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির তারকা অরল্যান্ডো ব্লুমকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালে তাঁদের সংসার ভেঙে যায়। সূত্র: পিপল।