বেঁচে যেতে পারত জ্যাকও!

কেন প্রেমের প্রেরণায় নীলকণ্ঠ হয় রোমিও? কেন লাইলির সন্ধানে ঊষর মরুতে বিবাগি হয়ে ছোটে মজনু? কেন হিমশীতল সাগরে তলিয়ে যায় জ্যাক? প্রশ্নগুলো আপনি করতেই পারেন। আধুনিক রোমিও-জুলিয়েট ‘জ্যাক-রোজ’-এর দ্বিতীয়জন যে নিজ মুখেই স্বীকার করেছেন, জ্যাক না-ও মারা যেতে পারত। সম্ভব ছিল জ্যাক-রোজ দুজনকেই বাঁচানো!

টাইটানিক ছবির অবিশ্বাস্য সাফল্য শুধু বক্স অফিস কিংবা অস্কারে নয়, এর সাফল্য সম্ভবত এটিও, আজও ভক্তরা এ নিয়ে তর্ক করেন, কী দরকার ছিল জ্যাকের মারা যাওয়ার? আজও রীতিমতো নকশা এঁকে, পিথাগোরাসের তত্ত্ব দিয়ে প্রমাণ করে দেওয়া হয়, যে কাঠের দরজার ওপর ভাসছিল রোজ, তাতে কষ্টেসৃষ্টে হলেও ঠাঁই হতে পারত জ্যাকেরও। বেঁচে যেতে পারত দুজনই। খামোখা আর চোখের জলে আরেকটি আটলান্টিক বানানোর দরকারও পড়ত না।
এই ভক্তরা জেনে খুশি হবেন, খোদ কেট উইন্সলেট তাদের পক্ষে! সম্প্রতি উইন্সলেট এসেছিলেন জিমি কিমেলের অনুষ্ঠানে। সেখানেও উঠল প্রশ্নটা। তাতে রোজের ভূমিকায় অভিনয় করা এই অস্কারজয়ী বললেন, ‘আমিও একমত। আমারও মনে হয়, ওই ভাসমান দরজায় ওরও জায়গা হয়ে যেত।’
পরিচালক জেমস ক্যামেরন অবশ্য বেশ কয়েকবারই ব্যাখ্যা দিয়ে বলেছেন, প্রশ্নটা জায়গার ছিল না। প্রশ্নটা ছিল, দুজনের ভার সহ্য করে নিয়ে কাঠের খণ্ডটি ভেসে থাকতে পারত কি না। ক্যামেরন অবশ্য আসল সত্যিটা বলেননি। জ্যাক ডুবেছে বলেই তো ক্ল্যাসিক হয়ে উঠেছে টাইটানিক-এর গল্প! আইএএনএস।